ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬

তৃতীয় সন্তান নিলেই টাকা দেবে সরকার

২০২৬ মে ১৭ ১৪:২৬:৩৮
তৃতীয় সন্তান নিলেই টাকা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: ভারতের অন্ধ্র প্রদেশ সরকার পরিবার পরিকল্পনা নীতির বিপরীত অবস্থান নিয়ে নতুন প্রণোদনা ঘোষণা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, তৃতীয় সন্তানের জন্ম দিলে পরিবারকে ৩০ হাজার রুপি এবং চতুর্থ সন্তানের জন্য ৪০ হাজার রুপি দেওয়া হবে।

এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্তের পর রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলোর দাবি, এটি লোকসভায় আসন পুনর্বিন্যাস ও জনসংখ্যা নীতির সঙ্গে সম্পর্কিত হতে পারে।

শনিবার (১৬ মে) শ্রীকাকুলাম জেলার নারসান্নাপেটায় এক অনুষ্ঠানে চন্দ্রবাবু নাইডু বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে ভাবছেন। অতীতে তিনি পরিবার পরিকল্পনার পক্ষে কাজ করলেও এখন পরিস্থিতি ভিন্ন বলে মন্তব্য করেন।

তিনি বলেন, “সন্তানই আমাদের সবচেয়ে বড় সম্পদ। তাই তৃতীয় সন্তানের জন্য ৩০ হাজার রুপি এবং চতুর্থ সন্তানের জন্য ৪০ হাজার রুপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান আরও বলেন, কমে যাওয়া জন্মহার নিয়ে তিনি উদ্বিগ্ন এবং ভারত যেন দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো জনসংখ্যা সংকটে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি জানান, অনেক দম্পতি অর্থনৈতিক কারণে একটি সন্তানেই সীমাবদ্ধ থাকছেন। আবার কেউ কেউ প্রথম সন্তান মেয়ে হলে দ্বিতীয় সন্তানের কথা ভাবছেন। তার মতে, জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রতি নারীর গড়ে ২.১ সন্তান থাকা প্রয়োজন।

এদিকে এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস নেতা কার্তি চিদাম্বরম এক্সে এনডিটিভির প্রতিবেদন শেয়ার করে কটাক্ষ করে লেখেন, “সত্যি নাকি?”

ভারতীয় জাতীয় কংগ্রেসের মুখপাত্র অলোক শর্মা বলেন, গত কয়েক বছরে দেশে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে জাতীয় পর্যায়ে কার্যকর আলোচনা হয়নি। তার মতে, এই ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে রাজনৈতিক ও আঞ্চলিক ভারসাম্য নিয়েও প্রশ্ন তুলতে পারে।

তিনি আরও বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা নিয়ে জাতীয় নীতি নির্ধারণ জরুরি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে