ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬

পে-কমিশনের কাটছাঁট সিদ্ধান্তে নতুন রূপরেখা

২০২৬ মে ১৮ ১১:৪০:৩৫
পে-কমিশনের কাটছাঁট সিদ্ধান্তে নতুন রূপরেখা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ চূড়ান্ত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি, বিচার বিভাগ এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা আগামী ১ জুলাই থেকে বাড়তি বেতন পাবেন।

তবে অন্তর্বর্তী সরকারের সময়ে জমা দেওয়া নবম পে-কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন না করে তা আংশিকভাবে সংশোধন করা হচ্ছে বলে জানা গেছে। সরকার গঠিত পর্যালোচনা কমিটি মূল সুপারিশে কাটছাঁট করে তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা করেছে।

প্রস্তাব অনুযায়ী, আগামী জুলাই থেকে সরকারি কর্মচারীরা নতুন বেসিক বেতনের ৫০ শতাংশ পাবেন। পরবর্তী অর্থবছরে বাকি ৫০ শতাংশ কার্যকর করা হবে। এরপর ২০২৮-২০২৯ অর্থবছরে নতুন পে-স্কেলের আওতায় ভাতা ও অন্যান্য সুবিধা যুক্ত করা হবে।

পে-কমিশন সূত্রে জানা গেছে, পূর্ণাঙ্গ সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ৪৩ হাজার কোটি টাকা প্রয়োজন হতো। কিন্তু বর্তমানে কার্যকর ১০ শতাংশ মহার্ঘ ভাতা নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করায় ব্যয় কিছুটা কমিয়ে ৩৭ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।

সাবেক সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশনের প্রতিবেদনে বিভিন্ন ভাতা ও সুবিধা বাড়ানোর প্রস্তাব থাকলেও সচিব কমিটি তা অনেক ক্ষেত্রে সীমিত করেছে। বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি, কুক ও অন্যান্য সুবিধা বাড়ানোর প্রস্তাব বড় আকারে অন্তর্ভুক্ত হয়নি।

সংশোধিত প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ রয়েছে। এতে নিম্ন স্তরের কর্মচারীদের বেতন ১৪২ শতাংশের বেশি এবং উচ্চ স্তরের বেতন ১০৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

এছাড়া বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ, টিফিন ভাতা ২০০ টাকা থেকে ১ হাজার টাকা, প্রতিবন্ধী সন্তানের জন্য বিশেষ ভাতা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির সুপারিশও রয়েছে।

প্রায় ১১ বছর পর নতুন পে-স্কেল বাস্তবায়ন হলে দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগী বড় ধরনের আর্থিক সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। ধাপে ধাপে বাস্তবায়নের কারণে পুরো সুবিধা পেতে সময় লাগলেও এটি দেশের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে