ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬

কারিনার রাজনীতি নিয়ে বিতর্কের মাঝে বাবার স্পষ্ট বক্তব্য

২০২৬ মে ১৮ ১০:৫৯:২২
কারিনার রাজনীতি নিয়ে বিতর্কের মাঝে বাবার স্পষ্ট বক্তব্য

নিজস্ব প্রতিবেদক: ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের রাজনৈতিক অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চললেও এ বিষয়ে মুখ খুলেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

তিনি জানিয়েছেন, কারিনা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতেন না এবং কোনো দলের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততাও ছিল না। তবে অন্যায়ের বিরুদ্ধে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মাঝে কথা বলতেন এবং ভিডিও তৈরি করতেন।

রোববার বিকেলে কারিনার মরদেহ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেটি গ্রহণ করেন কায়সার হামিদ। পরে বাদ মাগরিব বনানী ডিওএইচএস মাঠে অনুষ্ঠিত প্রথম জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় মেয়ের জনপ্রিয়তা নিয়ে আবেগাপ্লুত হয়ে কায়সার হামিদ বলেন, “কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কারিনাকে যে এত মানুষ ভালোবাসে, তা আমি আগে বুঝতে পারিনি। দেশের মানুষের ভালোবাসা দেখে আমি গর্বিত।”

এর আগে রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকালে মুন্সীগঞ্জের আবদুল্লাহপুরে চতুর্থ জানাজা শেষে তাকে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। অবস্থার অবনতি হলে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ের ভেলোর খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ তার রক্তচাপ মারাত্মকভাবে কমে যায়। পরে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।

চিকিৎসকরা জানান, হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দিয়েছিল। ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণ ও লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি চললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তার পাশাপাশি কারিনা একজন চিত্রনাট্যকার ও অভিনেত্রী হিসেবেও পরিচিত ছিলেন। ওটিটি প্ল্যাটফর্মের আলোচিত সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’-এ অভিনয় করে তিনি দর্শকদের প্রশংসা অর্জন করেছিলেন।

তার অকাল মৃত্যুতে বিনোদন অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে