×
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

দুর্বল ব্যাংকে আটক বিপুল আমানত: রহস্য উন্মোচনে তদন্ত কমিটি

২০২৬ নভেম্বর ০৭ ১৭:০২:১৫
দুর্বল ব্যাংকে আটক বিপুল আমানত: রহস্য উন্মোচনে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক: অনিয়ম ও আর্থিক সংকটে থাকা বিভিন্ন বেসরকারি ব্যাংকে বিপুল অঙ্কের অর্থ আটকে পড়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং এর অধীনে থাকা বিভিন্ন কোম্পানির। এসব ব্যাংকে জমে থাকা ৪ হাজার ৮১৩ কোটি ৩২ লাখ টাকা ফেরত আনার উদ্যোগ নেওয়ার পাশাপাশি কার স্বার্থে এবং কোন প্রক্রিয়ায় এই সুবিশাল আমানত জমা রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি।

গত ৩ নভেম্বর বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশের মাধ্যমে সাত সদস্যের এই শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী এক মাসের (৩০ দিন) মধ্যে যাবতীয় তথ্য অনুসন্ধান করে বিপিসি চেয়ারম্যানের কাছে একটি পুঙ্খানুপুঙ্খ প্রতিবেদন পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিপিসির পরিচালক (অর্থ) নাজনীন পারভীনকে প্রধান করে গঠিত এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সংস্থার ব্যবস্থাপক (হিসাব) মো. আল-আমীন। মূলত অস্বচ্ছ প্রক্রিয়ায় আমানত রাখা এবং তার নেপথ্যের অনিয়ম উদ্ঘাটন করাই এই কমিটির মূল লক্ষ্য।

বিপিসি সূত্রে জানা গেছে, কেবল অংকের পরিমাণ যাচাই নয়, এই আমানতের পেছনে কোনো অনৈতিক লেনদেন ছিল কি না তাও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অতিরিক্ত সুদের লোভ দেখিয়ে কোনো প্রকার কমিশন বাণিজ্য, ঘুষ কিংবা ব্যক্তিগত সুবিধা হাসিলের উদ্দেশ্যে সংকটাপন্ন ব্যাংকগুলোতে সরকারি টাকা জমা রাখা হয়েছিল কি না এবং এর জন্য কারা দায়ী, তদন্তে তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হবে।

একই সঙ্গে দুর্বল ব্যাংকগুলোতে ফিক্সড ডিপোজিট রিসিটের (এফডিআর) মাধ্যমে আটকে থাকা এই বিশাল অঙ্কের টাকা কীভাবে নিরাপদে তুলে আনা যায়, সে বিষয়ে বাস্তবসম্মত কৌশল ও সুপারিশ তুলে ধরবে কমিটি। এ ছাড়া ভবিষ্যতে বিপিসি ও এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর অর্থ সুরক্ষিত রাখতে এবং নির্ভরযোগ্য ব্যাংকে আমানত নিশ্চিত করতে করণীয় সম্পর্কেও নীতিগত দিকনির্দেশনা দেবে এই তদন্ত দল।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে