×
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম! বি'ব্রত মন্ত্রী

২০২৬ নভেম্বর ০৭ ১১:৪৫:৫৪
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম! বি'ব্রত মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এর স্বয়ংক্রিয় অনুবাদের মারাত্মক ভুলে চরম বিব্রতকর কূটনৈতিক পরিস্থিতিতে পড়েছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়া। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকের পর জাপানি ভাষায় দেওয়া তাঁর একটি পোস্ট এক্স স্বয়ংক্রিয়ভাবে ইংরেজিতে অনুবাদ করার সময় তারেক রহমানের স্থলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম জুড়ে দেয়। এ নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্মটির তীব্র সমালোচনা করেছেন জাপানি এই মন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফরকালে টোকিওতে দেশটির বাণিজ্যমন্ত্রী রিওসেই আকাজাওয়ার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের ছবি সংযুক্ত করে জাপানি ভাষায় এক্স-এ একটি পোস্ট দেন মন্ত্রী আকাজাওয়া।

পোস্টটিতে তিনি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানি সহযোগিতার প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম সঠিকভাবে উল্লেখ করেছিলেন। কিন্তু বিপত্তি ঘটে যখন এক্স-এর স্বয়ংক্রিয় অনুবাদ সুবিধা (মেশিন ট্রান্সলেশন) ব্যবহার করে আন্তর্জাতিক পাঠকরা পোস্টটি ইংরেজিতে পড়েন। স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে তারেক রহমানের নামের জায়গায় অনুবাদ হয়ে ভেসে ওঠে ‘শেখ হাসিনা’।

শুক্রবার টোকিওতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেন জাপানের বাণিজ্যমন্ত্রী রিওসেই আকাজাওয়া। তিনি স্পষ্ট করেন যে, তিনি বাংলাদেশের বর্তমান সরকারপ্রধান ও রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে সম্পূর্ণ অবগত।

আকাজাওয়া বলেন, “আমি জানি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে। অথচ এক্স-এর ভুল অনুবাদের কারণে আমার মূল বক্তব্য সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। এটি একটি গুরুতর বিষয়। এর ফলে বাংলাদেশের জনগণের মনে এমন ভুল বার্তা যেতে পারে যে, জাপানের বাণিজ্যমন্ত্রী হয়তো তাদের প্রধানমন্ত্রীকে চেনেনই না!”তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের ত্রুটি আন্তর্জাতিক কূটনীতিতে অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির জন্ম দেয়।

জাপানি মন্ত্রী জানান, এক্স-এর অনুবাদে বিভ্রান্তির শিকার তিনি এই প্রথম নন। এর আগেও যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে একটি বৈঠক নিয়ে দেওয়া তাঁর পোস্টের স্বয়ংক্রিয় অনুবাদেও এমন নামের বিকৃতি ঘটেছিল।

বারবার একই ধরনের অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে রিওসেই আকাজাওয়া এক্স কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামের ক্ষেত্রে এক্স-এর অনুবাদ ব্যবস্থা অত্যন্ত অনির্ভরযোগ্য। প্ল্যাটফর্মটির উচিত তাদের স্বয়ংক্রিয় অনুবাদের এই বড় ত্রুটি দ্রুত ও কার্যকরভাবে সংশোধন করা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে