×
ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬

অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ

২০২৬ নভেম্বর ০২ ১৮:৪৯:৩২
অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের অন্যতম সুখী দেশ ফিনল্যান্ড এবার বিশ্বজুড়ে অবিবাহিতদের জন্য ব্যতিক্রমী এক ভ্রমণ আয়োজনের উদ্যোগ নিয়েছে। দেশটির পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’ চালু করেছে ‘ফিনিশ ডিনার ডেট’ নামের বিশেষ প্রচারণা। এর আওতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬ জন অবিবাহিতকে সব খরচ বহন করে ফিনল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজনটির মাধ্যমে অংশগ্রহণকারীরা দেশটির খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই আয়োজন চলবে। এ সময় অংশগ্রহণকারীরা ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি এবং লেকল্যান্ড অঞ্চলের তাম্পেরে শহরে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। আয়োজনের অন্যতম আকর্ষণ হবে স্থানীয় ফিনিশ অবিবাহিতদের সঙ্গে বিশেষ গ্রুপ ডিনার ডেট।

ভ্রমণকারীদের জন্য থাকবে ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী ও আঞ্চলিক খাবারের স্বাদ নেওয়ার সুযোগ। বুনো মাছ, বেরি এবং বন থেকে সংগ্রহ করা মাশরুমসহ বিভিন্ন উপাদানে তৈরি খাবার পরিবেশন করবেন দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন শেফ। এর মাধ্যমে ফিনিশ খাবারের বৈচিত্র্য ও স্থানীয় খাদ্যসংস্কৃতি তুলে ধরার পরিকল্পনা করেছে আয়োজকরা।

বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণনের জ্যেষ্ঠ পরিচালক হেলি হিমেনেজ এক সরকারি বিবৃতিতে বলেন, ফিনিশ খাবার দেশটির সুখী জীবনযাত্রার একটি সরাসরি প্রকাশ। খাবারের মাধ্যমে মানুষ স্থান, ঋতু এবং আশপাশের মানুষের সঙ্গে সংযোগ তৈরি করে। তাঁর ভাষায়, খাবার ফিনিশদের একত্র করে। এবার ভ্রমণকারীদেরও ভিন্নধর্মী অভিজ্ঞতার মাধ্যমে সেই পরিবেশের অংশ হওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে।

আয়োজনটির ধারণা এসেছে ফিনল্যান্ডের ‘সিঙ্ককোরি’ বা ‘সিঙ্গল বাস্কেট’ নামের একটি ডেটিং প্রবণতা থেকে। দেশটির কয়েকটি সুপারমার্কেট চেইন অবিবাহিত ক্রেতাদের জন্য গোলাপি রঙের শপিং ঝুড়ি চালু করেছে। এসব ঝুড়ি ব্যবহার করে অবিবাহিতরা অন্যদের কাছে নিজেদের পরিচিত হওয়া বা কথোপকথনে আগ্রহের বিষয়টি পরোক্ষভাবে জানাতে পারেন। এমনকি এর মাধ্যমে ডেটিংয়ের আগ্রহও প্রকাশ করা সম্ভব।

ফিনল্যান্ডের পর্যটন বিভাগ মনে করছে, দেশটির খাবার ও রন্ধনশৈলী আন্তর্জাতিক পর্যায়ে এখনো যথেষ্ট পরিচিতি পায়নি। ইতালীয়, চীনা ও অন্যান্য নর্ডিক খাবার বিশ্বজুড়ে জনপ্রিয় হলেও ফিনিশ খাবার তুলনামূলকভাবে কম আলোচিত।

হেলি হিমেনেজ বলেন, সনা থেকে শুরু করে বন থেকে খাবার সংগ্রহের ঐতিহ্য—ফিনিশ রন্ধনশৈলীতে দেশটির নিজস্ব জীবনধারা ও সংস্কৃতির গল্প রয়েছে। দর্শনার্থীরা যেন সেই অভিজ্ঞতা কাছ থেকে অনুভব করতে পারেন, সেটিই তাদের লক্ষ্য।

আয়োজকদের আশা, এই ভ্রমণে অংশ নেওয়া ব্যক্তিরা নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ফিনিশ খাবার ও সংস্কৃতির প্রতি আগ্রহী হয়ে উঠবেন। এমনকি বিশ্বের অন্যতম সুখী দেশে গিয়ে কেউ হয়তো নতুন জীবনসঙ্গীও খুঁজে পেতে পারেন। তবে আয়োজনটির মূল উদ্দেশ্য শুধু প্রেমের সম্পর্ক তৈরি নয়; বরং খাবার, সংস্কৃতি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ফিনল্যান্ডকে আন্তর্জাতিক পর্যটকদের কাছে নতুনভাবে তুলে ধরা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে