×
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

দখলে নিতে চায় বাংলাদেশের ৩ জেলা, এ যেন আরেক ময়ূখ!

২০২৬ নভেম্বর ০৭ ১৫:১৬:১৮
দখলে নিতে চায় বাংলাদেশের ৩ জেলা, এ যেন আরেক ময়ূখ!

নিজস্ব প্রতিবেদক: ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য (এমপি) নিশিকান্ত দুবে বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ড নিয়ে চরম উস্কানিমূলক ও অবাস্তব দাবি তুলেছেন। তিনি দাবি করেছেন, পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (পিওকে) পুনরুদ্ধারের পাশাপাশি বাংলাদেশ থেকে চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেটকেও ভারতের অন্তর্ভুক্ত করার সময় এসেছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিতর্কিত মন্তব্য করেন।

বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি এমপি নিশিকান্ত দুবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ঐতিহাসিক সিদ্ধান্তের সমালোচনা করতে গিয়ে বাংলাদেশের ভূখণ্ডকে ভারতের অংশ দাবি করেন। তিনি বলেন, “আমার মতে, পাকিস্তানের কাছ থেকে শুধু পাকিস্তান-অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করার সময় আসেনি; নেহরুজি জোর করে যেসব অঞ্চল হস্তান্তর করেছিলেন, সেগুলোও পুনরুদ্ধার করার সময় এসেছে। তার মধ্যে রয়েছে নোয়াখালী, চট্টগ্রাম বন্দর এবং সিলেট।”

নিজের দাবির সপক্ষে ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করে বিজেপি সাংসদ অভিযোগ করেন, জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হওয়ার জন্য ‘মরিয়া’ ছিলেন। ১৯৪৭ সালের ১৫ আগস্টের আগেই ১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তিনি আরও দাবি করেন, নেহরু প্রধানমন্ত্রী হওয়ার পরই মুসলিম লীগ দাঙ্গার পথ বেছে নেয় এবং ১৯৪৬ সালের অক্টোবরে নোয়াখালীতে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। কিন্তু নেহরু মুসলিম লীগকে সরকারে রাখতে তখন নোয়াখালীর ঘটনার দিকে কর্ণপাত করেননি বলে তিনি অভিযোগ তোলেন।

নিশিকান্ত দুবের দাবি অনুযায়ী, নোয়াখালী, সিলেট এবং চট্টগ্রাম বন্দর একসময় স্বাধীন ত্রিপুরার (তৎকালীন টিপরা রাজ্য) অংশ ছিল। তিনি দাবি করেন, ত্রিপুরার তৎকালীন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এই অঞ্চলগুলো পাকিস্তানের অন্তর্ভুক্ত করা বা সিলেটে গণভোট আয়োজনের বিরুদ্ধে নেহরুর কাছে তীব্র আপত্তি জানিয়েছিলেন।

মহারাজা নাকি দাবি করেছিলেন, এই অঞ্চলগুলো তাঁর রাজ্যের এবং এগুলো ভারতে থাকবে নাকি পাকিস্তানে যাবে, তা নির্ধারণের অধিকার কেবল তাঁর। পরবর্তীতে সর্দার বল্লভভাই প্যাটেলের হস্তক্ষেপে ১৯৪৮ সালে ত্রিপুরা ভারতের অংশ হলেও চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালী হাতছাড়া হয়ে যায় বলে ক্ষোভ প্রকাশ করেন এই বিজেপি নেতা।

চট্টগ্রাম বন্দরকে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নিশিকান্ত দুবে যুক্তি দেখান, চট্টগ্রাম বন্দর হারানোর কারণেই ভারতের সমগ্র উত্তর-পূর্বাঞ্চল (সেভেন সিস্টার্স) কার্যত স্থলবেষ্টিত হয়ে পড়ে এবং এই অঞ্চলের অর্থনৈতিক বিকাশ স্থবির হয়ে যায়। তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলের খনিজ সম্পদ, গ্যাস ও বাণিজ্যের প্রসারে সমুদ্রবন্দর প্রয়োজন ছিল। সেই ক্ষতি পুষিয়ে নিতে চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেটকে ‘পুনরুদ্ধার’ করা দরকার বলে তিনি মন্তব্য করেন।ভারতীয় রাজনৈতিক অঙ্গনে ধারাবাহিক অপপ্রচার

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ভারতের একশ্রেণির উগ্র হিন্দুত্ববাদী রাজনীতিবিদ এবং মূলধারার কিছু সংবাদমাধ্যমে বাংলাদেশকে লক্ষ্য করে ক্রমাগত আগ্রাসী ও বিদ্বেষমূলক বয়ান তৈরি হতে দেখা গেছে। এর আগে ভারতের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের বিতর্কিত মন্তব্য এবং একাধিক বিজেপি নেতার রংপুর ও চট্টগ্রাম দখলের হুমকির পর, এবার সরাসরি লোকসভার এক সংসদ সদস্যের মুখ থেকে স্বাধীন বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের এমন প্রকাশ্য দাবি আন্তর্জাতিক কূটনীতি ও সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে