×
ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

কনটেন্ট ক্রিয়েটরের বাসা থেকে এসি-ফ্রিজ-টিভিসহ মালামাল গায়েব

২০২৬ সেপ্টেম্বর ১৬ ১৮:০৬:৫৪
কনটেন্ট ক্রিয়েটরের বাসা থেকে এসি-ফ্রিজ-টিভিসহ মালামাল গায়েব

নিজস্ব প্রতিবেদক: কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসা থেকে ব্যক্তিগত মালামাল ও ঘরের আসবাবপত্র চুরির অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি। তার দাবি, অসুস্থতার কারণে গ্রামের বাড়িতে যাওয়ার সুযোগে কয়েকজন ব্যক্তি তার বাসায় প্রবেশ করে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যান।

তানভীর রাহী অভিযোগ করেন, তার অনুপস্থিতিতে স্থানীয় সাইদুল নামের এক ব্যক্তি আরও ৫-৬ জনকে সঙ্গে নিয়ে জোরপূর্বক তার ভাড়া বাসায় প্রবেশ করেন। পরে তারা বাসা থেকে এসি, টেলিভিশন, ফ্রিজ, খাট, মূল্যবান পোশাকসহ বিভিন্ন জিনিসপত্র সরিয়ে নেন বলে দাবি তার।

রাহীর ভাষ্য অনুযায়ী, বাসা থেকে নেওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। তার অভিযোগ, ঘটনাটির সঙ্গে স্থানীয় দারোয়ান ও বাড়িওয়ালার সংশ্লিষ্টতা রয়েছে। তাদের যোগসাজশেই মালামাল সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

তানভীর রাহী আরও অভিযোগ করেন, ঘটনার আগে সাইদুল তাকে হুমকি দিয়েছিলেন। তবে এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়নি। অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্যও এ বিষয়ে পাওয়া যায়নি।

ঘটনার পর তানভীর রাহী সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে বাসায় প্রবেশ, মালামাল নিয়ে যাওয়াসহ ঘটনার সঙ্গে জড়িত বলে যাদের সন্দেহ করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, তানভীর রাহীর কাছ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি তারা নিশ্চিত করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে মালামাল কোথায় নেওয়া হয়েছে এবং কারা ঘটনার সঙ্গে জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

অভিযোগের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটিকে চুরির অভিযোগ হিসেবেই দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা এবং কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় নিজের ব্যক্তিগত মালামাল হারিয়ে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন তানভীর রাহী। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে