×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৬:৩৮:৩৩
মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। বর্তমান ২ হাজার কোটি টাকা থেকে অনুমোদিত মূলধন বাড়িয়ে ৪ হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে পরিচালনা পর্ষদের নেওয়া এ সিদ্ধান্ত বাস্তবায়নে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় অনুমোদনও নিতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত এক তথ্যে ব্যাংকটি জানিয়েছে, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ১ হাজার ৫৩৩তম পরিচালনা পর্ষদ সভায় অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধনের পরিমাণ ২ হাজার কোটি টাকা। এই মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ২০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। পরিচালনা পর্ষদের প্রস্তাব অনুযায়ী মূলধন ৪ হাজার কোটি টাকায় উন্নীত হলে ব্যাংকটির মোট সাধারণ শেয়ারের সংখ্যা দাঁড়াবে ৪০০ কোটি, প্রতিটির অভিহিত মূল্য থাকবে ১০ টাকা।

অনুমোদিত মূলধন বৃদ্ধির প্রস্তাবের পাশাপাশি ব্যাংকের সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারাগুলোও সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। মূলধন বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই এসব সংশোধন আনা হবে।

পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৫ অক্টোবর ব্যাংকটির সপ্তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠেয় সভাটি শুরু হবে সকাল ১১টায়।

ইজিএমে কোন শেয়ারহোল্ডাররা অংশ নেওয়ার যোগ্য হবেন, তা নির্ধারণে ২৯ সেপ্টেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ব্যাংকটি।

পূবালী ব্যাংক জানিয়েছে, অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাব কার্যকর করতে প্রথম ধাপে বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে। এরপর বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে