×
ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা  

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১৬:৫০:২২
গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা  

নিজস্ব প্রতিবেদক: সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পেতে ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে বিনিয়োগকারীদের যে ভোগান্তি হয়, তা কমাতে নতুন অটোমেটেড অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস) চালু করছে সরকার। আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের সমন্বয়ে এই ব্যবস্থা কার্যকর হবে।

জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত এ ব্যবস্থার মাধ্যমে সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময় গ্রাহকের দেওয়া ব্যাংক হিসাব তাৎক্ষণিকভাবে যাচাই করা যাবে। একই সঙ্গে পরবর্তী সময়ে ব্যাংক হিসাব পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রেও এভিএস ব্যবহার করা হবে।

বর্তমানে জাতীয় সঞ্চয় স্কিমের অনলাইন ব্যবস্থায় প্রায় ৩৯ লাখ ৪৬ হাজার ২২৪ জন একক গ্রাহক নিবন্ধিত রয়েছেন। প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)-এর মাধ্যমে গ্রাহকদের মুনাফা ও মূল টাকা পরিশোধ করা হয়। পাশাপাশি প্রতিদিন গড়ে প্রায় ৮ হাজার নতুন সঞ্চয়পত্র ইস্যু হয়।

এতদিন গ্রাহক যে ব্যাংক হিসাব নম্বর দিতেন, সেটিই সরাসরি সিস্টেমে যুক্ত করা হতো। নম্বরে ভুল থাকলে ইএফটি ফেরত আসত এবং তথ্য সংশোধন করে পুনরায় টাকা পাঠাতে হতো। এতে বিনিয়োগকারীদের ভোগান্তির পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাজও বেড়ে যেত। ভুল হিসাবের কারণে প্রাপ্য অর্থ অন্যের হিসাবে চলে যাওয়ার ঝুঁকিও ছিল।

নতুন এভিএস ব্যবস্থায় হিসাব নম্বর দেওয়ার পরই বাংলাদেশ ব্যাংকের আইটি অবকাঠামো ও সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে সেটি যাচাই করা হবে। প্রথমে হিসাবটি সঠিক ও সচল কি না তা পরীক্ষা করা হবে। এরপর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের সঙ্গে হিসাবধারীর তথ্য মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে। ফলে টাকা পাঠানোর আগেই ভুল বা অসামঞ্জস্য শনাক্ত করা সম্ভব হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এসপিএফএমএস কর্মসূচির আওতায় এ ব্যবস্থা চালু হচ্ছে। সরকারের ১১টি জাতীয় সঞ্চয় স্কিমের মধ্যে ৯টির লেনদেন বর্তমানে অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মতে, এভিএস চালু হলে ভুল হিসাব নম্বরের কারণে ইএফটি ফেরত আসার ঘটনা কমবে। এতে বিনিয়োগকারীদের ভোগান্তি ও সংশ্লিষ্ট দপ্তরের অতিরিক্ত কাজ কমার পাশাপাশি প্রকৃত হিসাবধারীর কাছে নিরাপদে ও নির্ভুলভাবে অর্থ পৌঁছানো সহজ হবে।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে