×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

শেয়ারবাজার নিয়ে সরকারের পরবর্তী চ্যালেঞ্জ জানালেন অর্থমন্ত্রী

২০২৬ নভেম্বর ২৯ ২১:৪৫:৪৩
শেয়ারবাজার নিয়ে সরকারের পরবর্তী চ্যালেঞ্জ জানালেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করলেও এখনো ভালো ও মানসম্পন্ন কোম্পানির সংকট রয়েছে। ফলে বাজারে কাঙ্ক্ষিত গভীরতা তৈরি হয়নি। শেয়ারবাজারকে আরও শক্তিশালী করতে মানসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তি বাড়ানোই সরকারের পরবর্তী বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের এনইসি-২ অডিটরিয়ামে ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (জুলাই ২০২৬-জুন ২০৩১)’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

আমির খসরু বলেন, অতীতে দেশের শেয়ারবাজার পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল এবং অনেকটা ক্যাসিনোর মতো হয়ে পড়েছিল। কিছু লোক পুরো বাজার নিয়ন্ত্রণ করত। এমন পরিস্থিতিতে ভালো কোম্পানিগুলো তালিকাভুক্ত হতে আগ্রহী ছিল না। কারণ, স্বাভাবিক বিনিয়োগ পরিবেশ না থাকলে কোনো মানসম্পন্ন প্রতিষ্ঠান শেয়ারবাজারে আসতে চাইবে না।

তিনি বলেন, সরকার শেয়ারবাজারে সংস্কার করেছে এবং নতুন কমিশন গঠন করেছে। কমিশনে কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়নি; বরং স্বাধীন ও অরাজনৈতিক কমিশনের মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। এর ফলে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে এবং বাজারের বিভিন্ন সূচক ঊর্ধ্বমুখী হচ্ছে।

তবে শুধু বিনিয়োগকারীদের আস্থা ফিরলেই বাজার শক্তিশালী হবে না বলে মনে করেন অর্থমন্ত্রী। তাঁর মতে, বাজারে এখনো গভীরতার অভাব রয়েছে। ভালো ও মানসম্পন্ন কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে না পারলে শেয়ারবাজারের কাঙ্ক্ষিত বিকাশ সম্ভব হবে না।

আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যেও বাংলাদেশের শেয়ারবাজার নিয়ে আগ্রহ বাড়ছে বলে জানান আমির খসরু। তিনি বলেন, আন্তর্জাতিক ফান্ড ও বন্ড ম্যানেজাররা এখন বাংলাদেশের ওপর আস্থা রাখছেন।

সম্প্রতি ওয়াল স্ট্রিটে প্রধানমন্ত্রীর সঙ্গে ১৭টি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ফান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের সম্মিলিত সম্পদের পরিমাণ ৩৬ ট্রিলিয়ন ডলার। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আশাবাদী এবং তাঁদের অনেকে এখানে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশকে উদীয়মান বাজারে পরিণত করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বাস্তবায়নে বিনিয়োগের মান ও অর্থনৈতিক সুফল নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, সরকারি-বেসরকারি প্রতিটি বিনিয়োগের ক্ষেত্রে চারটি বিষয় বিবেচনায় নিতে হবে। এগুলো হলো—অর্থের যথাযথ ব্যবহার বা ভ্যালু ফর মানি, বিনিয়োগের বিপরীতে রিটার্ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব।

সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রতিটি টাকার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, কোনো প্রকল্পে অর্থ বরাদ্দের আগে সেখান থেকে কী ধরনের অর্থনৈতিক সুফল পাওয়া যাবে, কতটা কর্মসংস্থান তৈরি হবে এবং পরিবেশের ওপর কী প্রভাব পড়বে, তা বিবেচনা করা জরুরি।

আমির খসরু আরও বলেন, অতীতে অনেক প্রকল্প বাস্তবায়নের পর সেগুলোর প্রকৃত ফলাফল বা প্রত্যাশিত সুফল অর্জিত হয়েছে কি না, তা যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। এখন থেকে প্রকল্প শেষ হওয়ার পর আলাদাভাবে মূল্যায়নের ব্যবস্থা করা হবে। এতে বিনিয়োগের বিপরীতে প্রকৃত অর্জন ও অর্থনৈতিক রিটার্ন সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে