×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর খাবারের বাজেট নিয়ে আইনি নোটিশ, ১০ দিনের সময়

২০২৬ নভেম্বর ২৯ ১৭:৫০:৫৮
প্রধানমন্ত্রীর খাবারের বাজেট নিয়ে আইনি নোটিশ, ১০ দিনের সময়

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরের খাবার ও বিকালের নাশতার জন্য নির্ধারিত ১৫০ টাকার বাজেট বাতিলের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁদের পুষ্টিকর খাবারের জন্য সরকারি বরাদ্দ বাড়ানো অথবা বাসা থেকে খাবার নিয়ে আসার অনুমতি দিতে আনুষ্ঠানিক নির্দেশনা জারির দাবি জানানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব বরাবর রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশে আগামী ১০ দিনের মধ্যে তিনটি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। এগুলো হলো—প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরের খাবার ও বিকালের নাশতার জন্য নির্ধারিত ১৫০ টাকার বাধ্যবাধকতা প্রত্যাহার, সুষম পুষ্টি ও কর্মক্ষমতা নিশ্চিত করতে খাবারের সরকারি বাজেট উল্লেখযোগ্য হারে বাড়ানো এবং বিকল্প হিসেবে বাসা থেকে নিজস্ব পুষ্টিকর খাবার নিয়ে আসার অনুমতি দিয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি।

নোটিশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী ১৫০ টাকার মধ্যে দুপুরের খাবার ও বিকালের নাশতা গ্রহণ করতে পারেন। তবে তাঁর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য একই পরিমাণ অর্থে খাবারের বাধ্যবাধকতা আরোপ করা যুক্তিসংগত নয়।

আইনজীবী নোটিশে উল্লেখ করেন, ঢাকার বর্তমান বাজারদর ও মুদ্রাস্ফীতির বাস্তবতায় মাত্র ১৫০ টাকায় দুপুরের খাবার ও বিকালের নাশতা মিলিয়ে সুষম পুষ্টি, পর্যাপ্ত আমিষ, ভিটামিন ও ক্যালরিসমৃদ্ধ খাবার গ্রহণ করা কঠিন। পর্যাপ্ত পুষ্টির অভাবে কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ তৈরি হতে পারে। এর প্রভাব পড়তে পারে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণী কার্যক্রমেও।

নোটিশে সংবিধানের ১৮(১), ২১(১) ও ২১(২) অনুচ্ছেদের উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সংবিধানের ১৮(১) অনুচ্ছেদে জনগণের পুষ্টির স্তর ও জনস্বাস্থ্যের উন্নয়নকে রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে, ২১(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির দায়িত্ব জনগণের সেবা করার চেষ্টা করা।

নোটিশে আরও বলা হয়, প্রধানমন্ত্রী একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা। তিনি মিতব্যয়িতার দৃষ্টান্ত কিংবা ব্যক্তিগত পছন্দের কারণে নির্দিষ্ট বাজেটের মধ্যে খাবার গ্রহণ করতে পারেন। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা পেশাদার সরকারি কর্মচারী। তাঁদের শারীরিক সুস্থতা ও কর্মদক্ষতা নিশ্চিত করতে পর্যাপ্ত পুষ্টিকর খাবারের ব্যবস্থা থাকা প্রয়োজন।

আইনজীবীর দাবি, নির্ধারিত ১০ দিনের মধ্যে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরের খাবার ও বিকালের নাশতা মিলিয়ে ১৫০ টাকার বাজেট নির্ধারণের বিষয়টি আলোচনায় আসে। একই বাজেট কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়ায় এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে আইনি নোটিশ পাঠানো হলো।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে