×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জকে স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃসংবাদ 

২০২৬ নভেম্বর ২৮ ১৮:৪৫:২২
গোপালগঞ্জকে স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃসংবাদ 

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে থানা, হাসপাতাল ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং দেশের পোশাক শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সহিংসতায় জড়িত ব্যক্তি ও এর নেপথ্যে থাকা ইন্ধনদাতাদের চিহ্নিত করা হয়েছে। জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, যারা থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে, তাদের পরিচয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অজানা নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে।

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে বিএনপির স্থানীয় দুই সংসদ সদস্যের বাড়িঘর, একজন সংসদ সদস্যের মালিকানাধীন হাসপাতাল ও ব্যবসাপ্রতিষ্ঠানেও আগুন দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সংসদে দেওয়া বক্তব্যেও তিনি বিষয়টি তুলে ধরেছেন। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানা আক্রমণের আহ্বান জানানোর ঘটনায় ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড সরকারের কাছে সংরক্ষিত রয়েছে বলে দাবি করেন তিনি।

দেশের অভ্যন্তরীণ অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন সালাউদ্দিন আহমদ। তাঁর দাবি, অডিও ও ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশে অগ্নিসংযোগ ও সহিংসতার উসকানি দেওয়া হচ্ছে। দেশের ভেতরে অবস্থানরত সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে এসব নির্দেশনা পৌঁছে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

পোশাক শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হলেও কিছু দুষ্কৃতিকারী রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিকদের ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এর পেছনে থাকা রাজনৈতিক স্বার্থান্বেষী মহলকেও চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

রাজনৈতিক বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না। অতীতে অগ্নিসন্ত্রাসের ইতিহাস দেশের মানুষের জানা আছে উল্লেখ করে তিনি বলেন, নতুন করে এ ধরনের সহিংসতার চেষ্টা সফল হতে দেওয়া হবে না।

তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, দলগুলোর মধ্যে মতপার্থক্য ও বিতর্ক থাকতে পারে। কিন্তু গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে অতীতে গড়ে ওঠা গণতান্ত্রিক ঐক্য আবারও ফিরিয়ে আনতে হবে।

বাংলাদেশের বহুত্ববাদী সমাজব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, এ দেশে বিভিন্ন ধর্ম, জাতিগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ পাশাপাশি বসবাস করেন। ধর্ম কিংবা জাতিগত পরিচয় যা-ই হোক, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে সবাই এ দেশের নাগরিক। সবার অধিকার ও নাগরিক মর্যাদা সমান।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে