×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণের নিয়ম শর্তসাপেক্ষে শিথিল করছে বিএসইসি

২০২৬ নভেম্বর ২৮ ১৪:১৫:১৫
পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণের নিয়ম শর্তসাপেক্ষে শিথিল করছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যতামূলক নিয়ম শর্তসাপেক্ষে শিথিল করার পরিকল্পনা করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যমান উদ্যোক্তা ও পরিচালকেরা পরিচালনা পর্ষদে যোগ দিতে আগ্রহী যেকোনো পক্ষের কাছে তাদের শেয়ার বিক্রি করতে পারবেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) আয়োজিত ‘নিউ আইপিওস, নিউ অপরচুনিটিস: দ্য কেস ফর ব্রিংগিং লার্জ আনলিস্টেড কোম্পানিজ টু বাংলাদেশ’স ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক এক সেমিনারে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান এই পরিকল্পনার কথা জানান। গত ২৬ নভেম্বর ঢাকার ডিএসই টাওয়ারে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিএসইসির নতুন পরিকল্পনা ও সংস্কার

সেমিনারে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘বাজারের শৃঙ্খলা বজায় রেখেই শেয়ার ধারণের নিয়মে আরও নমনীয়তা আনার জন্য কমিশন কাজ করছে। প্রস্তাবিত পরিবর্তন অনুযায়ী, সুনির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে উদ্যোক্তা ও পরিচালকেরা তাদের গ্রুপের অন্য সদস্যদের কাছে শেয়ার বিক্রি করতে পারবেন। এছাড়া, যারা নতুন করে উদ্যোক্তা-পরিচালক গ্রুপে যোগ দেবেন, এমন বাইরের বিনিয়োগকারীদের কাছেও শেয়ার বিক্রির সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে কমিশন।’

মাসুদ খান আরও জানান, প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ জোরদার করতে মিউচুয়াল ফান্ডগুলোর জন্য আইপিও শেয়ারের কোটা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আইপিও নিরীক্ষার মান বাড়াতে নিরীক্ষক তালিকাভুক্তির একটি কাঠামো চূড়ান্ত করা হয়েছে, যেখানে মার্কিং পদ্ধতির মাধ্যমে কেবল শীর্ষ নম্বরপ্রাপ্ত নিরীক্ষকরাই আইপিও অডিট করার যোগ্য হবেন।

এছাড়া আর্থিক উপদেষ্টাদের (ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার) জন্য খসড়া বিধিমালা তৈরি করছে বিএসইসি, যা প্রয়োজনীয় অনুমোদনের পর জনমতের জন্য উন্মুক্ত করা হবে। এই কাঠামোর আওতায় কেবল যোগ্য ও লাইসেন্সপ্রাপ্ত আর্থিক উপদেষ্টারাই কাজ করার সুযোগ পাবেন। চেয়ারম্যান আরও বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট বা নির্ধারিত যোগ্যতাসম্পন্ন কোম্পানিগুলো মূলধন সংগ্রহ বা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের আবেদন করলে তাদের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্তি বাধ্যতামূলক করার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে, যাতে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত হয়।

বিএপিএলসি ও মূল প্রবন্ধের আলোচনা

স্বাগত বক্তব্যে বিএপিএলসির সভাপতি রিয়াদ মাহমুদ বলেন, ‘এ’ ক্যাটাগরির কোম্পানি এবং অন্তত ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণাকারী প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্তটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বর্তমান কমিশন কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী এবং আইনি সংস্কারের মাধ্যমে বাজারের যৌক্তিক চাহিদাগুলো দ্রুত পূরণ করছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিডব্লিউসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান। তিনি বলেন, বড় অ-তালিকাভুক্ত কোম্পানিগুলোকে বাজারে আনতে বাংলাদেশ হংকং, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের শেয়ারবাজারের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। বাংলাদেশে চারটি পদ্ধতির ভ্যালুয়েশন কাঠামো, উদ্যোক্তাদের লক-ইন সীমা ৫ শতাংশে নামিয়ে আনা এবং ২০ দিনের আইপিও পর্যালোচনার প্রস্তাবের মতো বেশ কিছু সংস্কার আনা হয়েছে। তবে আঞ্চলিক দেশগুলো মূল্য নির্ধারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ওপর বেশি নির্ভর করে, যা ক্ষুদ্র বিনিয়োগকারী-নির্ভর অস্থিরতা কমায়।

তিনি এসআইপি ও মিউচুয়াল ফান্ডের মাধ্যমে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো, বিদেশি মূলধন আকর্ষণ, দ্রুত ডিজিটালাইজেশন, প্রাইভেট ইকুইটি ও ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগকারীদের জন্য সহজ এক্সিট সুবিধা, স্বচ্ছ সুশাসন এবং নির্ভরযোগ্য ক্রেডিট রেটিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এমএসসিআই -এর মতো আন্তর্জাতিক সূচকের মানদণ্ডের সাথে বাজারকে সামঞ্জস্যপূর্ণ করার পরামর্শ দেন তিনি।

ডিবিএ, ডিএসই ও বিএসইসি কমিশনারের বক্তব্য

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, শেয়ারবাজারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিনিয়োগকারীদের আস্থার দীর্ঘস্থায়ী সংকট, যার কারণে ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোও ন্যায্য মূল্যায়ন পাচ্ছে না এবং নতুন কোম্পানি আসতে নিরুৎসাহিত হচ্ছে। তিনি জানান, প্রায় ৪০০ তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ৫টিরও কম কোম্পানি নিয়মিত অ্যানালিস্ট কল আয়োজন করে। এমনকি ব্ল্যাকরকের (BlackRock) মতো বৈশ্বিক ফান্ড ম্যানেজাররা ঢাকায় এসে আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনা করতে চাইলেও খুব কম ব্লু-চিপ কোম্পানি তাতে সাড়া দেয়। এ সংকট কাটাতে তিনি প্রাথমিকভাবে ডিএসই-৩০ সূচকভুক্ত কোম্পানিগুলোর জন্য ত্রৈমাসিক অ্যানালিস্ট কল এবং স্বতন্ত্র ইনভেস্টর রিলেশনস বিভাগ বাধ্যতামূলক করার প্রস্তাব দেন।

ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম জানান, নতুন আইপিও আবেদন দ্রুততম সময়ে প্রক্রিয়াকরণের জন্য ডিএসই সম্পূর্ণ প্রস্তুত। গত মাসের শেষে ডিএসই চারটি নতুন আইপিও আবেদন পেয়েছে এবং সেমিনারের দুই দিন আগে অনুষ্ঠিত পর্ষদ সভায় এগুলোর বিস্তারিত উপস্থাপন করা হয়েছে। বিনিয়োগকারীরা যেন সঠিক তথ্য জেনে সিদ্ধান্ত নিতে পারেন, সেজন্য আইপিও প্রসপেক্টাসে আরও স্বচ্ছ ও নির্ভুল তথ্য তুলে ধরতে ইস্যু ম্যানেজারদের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

বিএসইসির কমিশনার নাজমুস সাদাত বলেন, অ-তালিকাভুক্ত কোম্পানিগুলোকে বাজারে আনতে সঠিক নীতিমালা, বাজার শৃঙ্খলা, সহায়ক পরিবেশ এবং অংশীজনদের সাথে নিয়মিত আলোচনার সমন্বয় প্রয়োজন। তিনি জানান, কমিশন সম্প্রতি স্বতন্ত্র পরিচালক নিয়োগের প্রক্রিয়া সহজ করেছে, যার ফলে সময় দুই-তিন মাস থেকে কমে দুই-তিন সপ্তাহে নেমে এসেছে।

সেমিনারে বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান, সিএসইর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমানসহ শেয়ারবাজারের বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

মামুন/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে