×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির

২০২৬ নভেম্বর ২৬ ১১:৫৬:১১
‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির

নিজস্ব প্রতিবেদক: এক বছর বিরতির পর আবারও দেশব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ মিজানুর রহমান আজহারি। দেশের আটটি বিভাগে এসব মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে আয়োজনগুলোতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে শ্রোতা ও আয়োজকদের প্রতি আহ্বান জানিয়েছেন আজহারি।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে আজহারি জানান, এক বছর বিরতির পর আট বিভাগে আবারও তার আউটডোর তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসব আয়োজন সফল করতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

মাহফিলের শৃঙ্খলা ও পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে আজহারি বলেন, সুশৃঙ্খলভাবে উপস্থিত থাকা, ধর্মীয় শিষ্টাচার মেনে চলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা সবার দায়িত্ব। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কোরআনের পবিত্র আয়োজনের সৌন্দর্য ও উদ্দেশ্য নষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তাফসির মাহফিলের প্রকৃত উদ্দেশ্য তুলে ধরে আজহারি আরও বলেন, এসব আয়োজনের সার্থকতা শুধু বিপুল জনসমাগম কিংবা আয়োজনের ব্যাপকতার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং কোরআন ও সুন্নাহর সর্বজনীন শিক্ষা মানুষের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হলেই মাহফিলের প্রকৃত সার্থকতা অর্জিত হবে।

তার মতে, কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাই মাহফিলকে শুধু জনসমাগমের আয়োজন হিসেবে না দেখে মানুষের জীবন পরিবর্তনের উপলক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

পোস্টের শেষাংশে আজহারি লেখেন, ‘কোরআনের ইউনিভার্সাল ম্যাসেজ চূড়ান্ত সফলতার পথ দেখায়। তাই, কোরআনের মাহফিল শুধু জনসমাগম নয়, হোক জীবন বদলের আয়োজন। ইনশাআল্লাহ, শীঘ্রই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে।’

তবে আট বিভাগের মাহফিলের নির্দিষ্ট তারিখ, স্থান ও সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি।

ইকরামা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর

উ
প
রে