×
ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

একের পর এক বাংলাদেশি পাচ্ছেন ফ্রি ওমরাহর সুযোগ

২০২৬ নভেম্বর ১৫ ১৭:৫৫:৩৮
একের পর এক বাংলাদেশি পাচ্ছেন ফ্রি ওমরাহর সুযোগ

নিজস্ব প্রতিবেদক: কোনো খরচ ছাড়াই একজন পছন্দের সঙ্গীসহ পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দিচ্ছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’-এর উদ্যোগে আয়োজিত বিশেষ কুইজ প্রতিযোগিতায় একের পর এক বিজয়ী হচ্ছেন বাংলাদেশিরা। প্রতিযোগিতার প্রথম ১৩ দিনের মধ্যেই ৪ জন বাংলাদেশি বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ অর্জন করেছেন।

গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা অংশ নিচ্ছেন। এখন পর্যন্ত ঘোষিত প্রথম ১৩ দিনের বিজয়ীদের তালিকায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, মিসর, ভারত, মরক্কো ও সিরিয়ার নাগরিকরা রয়েছেন। তবে প্রথম ১৩ দিনের হিসাবে বাংলাদেশই সবচেয়ে বেশি বিজয়ী হওয়া দেশ।

এ পর্যন্ত বিজয়ী চার বাংলাদেশি হলেন:

তৃতীয় দিন: মোহাম্মদ খালেদ হোসেন চৌধুরী

ষষ্ঠ দিন: রহিমা বেগম

দশম দিন: রেদওয়ানুল করিম

ত্রয়োদশ দিন: সামিরা বিনতে জাকারিয়া

নুসুকের অফিশিয়াল ফেসবুক পেজের ঘোষণা অনুযায়ী, এই উদ্যোগের আওতায় মোট ১০০টি ওমরাহ ট্রিপ এবং ১০ হাজার জমজম পানির কার্ড দেওয়া হবে।

প্রতিদিন একজনকে ওমরাহ পালনের জন্য বিজয়ী ঘোষণা করা হচ্ছে।

বিজয়ী তাঁর পছন্দের একজন সঙ্গীকে সঙ্গে নিতে পারবেন।

দুজনের জন্যই সৌদি আরবের ভিসা, যাওয়া-আসার বিমান টিকিট এবং মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসন—অর্থাৎ ওমরাহ পালনের গুরুত্বপূর্ণ সব খরচই এই প্যাকেজের অন্তর্ভুক্ত থাকছে।

এ ছাড়া ওমরাহ ছাড়াও প্রতিদিন ১০ জনকে দেওয়া হচ্ছে পবিত্র জমজম কূপের পানির কার্ড। প্রত্যেক বিজয়ী ২০টি করে কার্ড পাচ্ছেন—যার মধ্যে ১০টি নিজের জন্য এবং বাকি ১০টি পছন্দের মানুষদের উপহার দেওয়ার জন্য। এই পুরস্কারেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বিজয়ী হচ্ছেন।

এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে:

১. প্রথমে মোবাইলে ‘নুসুক’ (Nusuk) অ্যাপ ইনস্টল করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।

২. এরপর অ্যাপের ‘স্টার্ট দ্য চ্যালেঞ্জ’ (Start the Challenge) অপশনে গিয়ে কুইজে অংশ নিতে হবে।

৩. প্রতিযোগিতায় মূলত চারটি বিষয়ের ওপর প্রশ্নের উত্তর দিতে হয়—মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী, পবিত্র কোরআন, মক্কা ও মসজিদুল হারাম এবং মদিনা ও মসজিদে নববী।

৪. প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, কুইজে অংশ নেওয়ার জন্য প্রতিদিন নতুন ‘কি’ (Key) পাওয়ার ব্যবস্থাও রয়েছে।

সৌদি সরকারের এই বিশেষ ডিজিটাল উদ্যোগের মাধ্যমে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বিনা খরচে পবিত্র মক্কা ও মদিনা সফরের স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হয়েছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর

উ
প
রে