×
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

পবিত্র মক্কার সামনে স্ত্রীর চুল কাটার ভাইরাল ভিডিওর আসল রহস্য

২০২৬ নভেম্বর ২০ ১৪:২৩:৫৫
পবিত্র মক্কার সামনে স্ত্রীর চুল কাটার ভাইরাল ভিডিওর আসল রহস্য

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামের কাছে রাতের বেলা জনসম্মুখে স্ত্রীর হিজাবের ভেতর মাথা ঢুকিয়ে চুল কেটে দিচ্ছেন এক পুরুষ—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের এমন একটি ভিডিও ঘিরে তুমুল আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। আপাতদৃষ্টিতে দৃশ্যটি অনেকের কাছে অদ্ভুত বা রহস্যময় মনে হলেও এর পেছনের প্রকৃত কারণ অনেকেরই অজানা।

ভাইরাল হওয়া ওই দৃশ্যটি মূলত ওমরাহ পালনের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় বিধান পালনের অংশ, যাকে ইসলামি পরিভাষায় ‘তাকসীর’ বলা হয়।

ওমরাহ পালনের নির্দিষ্ট ধাপ অনুযায়ী—ইহরাম বাঁধা, সাতবার কাবা শরিফ তাওয়াফ এবং সাফা ও মারওয়া পাহাড়ে সাতবার সাঈ সম্পন্ন করার পর ইহরাম থেকে মুক্ত হতে হয়। এই শেষ ধাপে পুরুষদের জন্য মাথা মুণ্ডন করার বিধান থাকলেও নারীদের মাথা মুণ্ডন করতে হয় না। হাদিসের নির্দেশনা অনুযায়ী, নারীদের চুলের আগা থেকে আঙুলের ডগার সমপরিমাণ অর্থাৎ প্রায় এক থেকে দুই সেন্টিমিটার অংশ ছেঁটে ফেলতে হয়।

ইসলামি ফতোয়া অনুযায়ী, একজন নারী নিজের চুল নিজে কাটতে পারেন অথবা তার স্বামীও চুল কেটে দিতে পারেন। জনসম্মুখে স্ত্রীর পর্দা বজায় রাখতেই ওই স্বামী হিজাবের আড়ালে মাথা ঢুকিয়ে স্ত্রীর চুল কেটে দেওয়ার এই ধর্মীয় বিধানটি পালন করছিলেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী চুল কাটার জন্য মসজিদুল হারামের সামনেই দাঁড়াতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সাঈ সম্পন্ন করার পর নির্ধারিত স্থানের বাইরেও যেকোনো সুবিধাজনক জায়গায়, এমনকি নিজস্ব হোটেল বা ব্যক্তিগত স্থানে গিয়েও চুল কেটে ওমরাহ সম্পন্ন করা সম্ভব।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর

উ
প
রে