×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শ্বশুরের জন্য তদবির করলেন হাসনাত আবদুল্লাহ

২০২৬ নভেম্বর ২৫ ১৭:০৪:৫৮
শ্বশুরের জন্য তদবির করলেন হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: দেশের সব পর্যায়ের শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পেনশনের টাকা দ্রুত পরিশোধের দাবিতে কঠোর অবস্থান নিয়েছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। নিরীহ শিক্ষকদের পেনশন আটকে রেখে আমলাদের দৌরাত্ম্য এবং অর্থপাচারকারীদের প্রতি রাষ্ট্রের নমনীয় ভূমিকার তীব্র সমালোচনা করেছেন তিনি। একই সাথে জানুয়ারিতে সংসদের অধিবেশন শুরুর অপেক্ষা না করে চলতি সপ্তাহেই শিক্ষা ও অর্থমন্ত্রীর সাথে বৈঠক করে এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।সম্প্রতি শিক্ষকদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

বক্তব্যে শিক্ষকতাকে একটি ‘নিরীহ পেশা’ হিসেবে অভিহিত করে নিজের পরিবারের একটি বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন হাসনাত আব্দুল্লাহ। তিনি জানান, তার নিজের শ্বশুর—যিনি মাধ্যমিক পর্যায়ের একজন ইংরেজি শিক্ষক ছিলেন এবং অত্যন্ত নির্বিবাদ প্রকৃতির মানুষ—২০২৩ সালে অবসরে গেলেও এখনো পর্যন্ত তার অবসরের টাকা পাননি।

আক্ষেপ ও রসিকতা মিশ্রিত কণ্ঠে তিনি বলেন, শ্বশুরবাড়ি থেকে পাওয়া এটিই তার একমাত্র ‘তদবির’। তার শ্বশুর মনে করেন, ঘরে এমপি থাকার পরও তিনি নিজের প্রাপ্য টাকাটা পাচ্ছেন না। শ্বশুরের বর্তমান জীবনযাপন কাছ থেকে দেখার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, একজন শিক্ষকের সম্মানজনক জীবন পরিচালনার জন্য নিজের জমানো টাকার জন্য আজ রাষ্ট্রের কাছে যেন অনুদান চাইতে হচ্ছে।

সচিবালয়ের সচিব এবং বড় বড় আমলাদের সাথে শিক্ষকদের অবস্থার তুলনা করে হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তোলেন, ২০১২ সালে অবসরে গিয়ে ২০২৬ সালেও পেনশনের টাকা পাননি—আমলাদের ক্ষেত্রে এমন কোনো নজির আছে কি না?

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমলাদের সাথে রাষ্ট্র পারবে না; রাষ্ট্র কেবল এই নিরীহ শিক্ষকদের নিপীড়ন করতেই পারে। অন্যদিকে, এস আলম শিক্ষকদের ও জনগণের টাকা চুরি করে বিদেশে গিয়ে আনন্দ করতে পারলেও রাষ্ট্র এস আলমের কিছুই করতে পারে না। বরং এস আলমের পুনর্বাসনের জন্য বর্তমান সরকারের নানা পক্ষ বিভিন্নভাবে জড়িত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, শিক্ষকরা সারা জীবন নিজেদের বেতন থেকে যে ২-৪ শতাংশ টাকা সরকারকে দিয়েছেন, সেই টাকা দিয়েই রাষ্ট্রের অন্যান্য খরচ এবং অন্যদের পেনশন চলে। অথচ আজ শিক্ষকদের নিজের জমানো টাকা দেওয়ার বেলায় বলা হয় টাকা নেই।

তিনি স্পষ্ট করে বলেন, পেনশনের টাকা রাষ্ট্রের কোনো অনুদান নয়, এটি শিক্ষকদের ন্যায্য অধিকার ও হক। শিক্ষকদের ‘রাষ্ট্রের বিবেক’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, "আপনারা তৃতীয় শ্রেণির জীবন ধারণ করেন, দ্বিতীয় শ্রেণির চাকরি করে প্রথম শ্রেণির নাগরিক তৈরি করেন। এটা বিশাল ও মহান একটা কাজ।"

পেনশন আটকে রাখা আমলাদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, যারা বিভিন্ন জায়গায় বসে মাতব্বরি করে কলমের খোঁচা দিয়ে শিক্ষকদের পেনশন আটকে রাখেন, অর্থ মন্ত্রণালয়ে টাকা নেই বলে এক টেবিল থেকে আরেক টেবিলে ঘোরান—তারাও এই শিক্ষকদেরই তৈরি। এমনকি যারা আজ রাষ্ট্র পরিচালনা করছেন, তারাও শিক্ষকদের হাতেই গড়া।

বক্তব্যের শেষে শিক্ষকদের সম্মান ও প্রাপ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন হাসনাত আব্দুল্লাহ। তিনি জানান, সংসদের আগামী অধিবেশন জানুয়ারিতে শুরু হলেও তারা সে পর্যন্ত অপেক্ষা করবেন না। চলতি কর্মসপ্তাহেই এনসিপির একটি প্রতিনিধি দল সরাসরি শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে।

এছাড়া তিনি নিজে অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির (স্ট্যান্ডিং কমিটি) সদস্য উল্লেখ করে জানান, তিনি মাননীয় অর্থমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করবেন এবং সব ধরনের আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে শিক্ষকদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দিতে যা যা করা প্রয়োজন, তা-ই করবেন। প্রাইমারি থেকে শুরু করে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়—সব পর্যায়ের শিক্ষকদের আর্থিক ও সামাজিক সম্মান পুনর্বিবেচনা করার সময় এসেছে বলেও তিনি মন্তব্য করেন।

মুসআব/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে