×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ

২০২৬ নভেম্বর ২৬ ০৮:৪৮:১৬
কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এতে প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার আবেদন করেছেন তিনি। শুনানি শেষে কারাবিধি অনুযায়ী তাঁর চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ পলকের পক্ষে এ আবেদন করেন তাঁর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।

এদিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় পলককে আদালতে হাজির করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ পাহারায় তাঁকে আদালতে নেওয়া হয়।

আদালতে নিজের আইনজীবীকে ডেকে শারীরিক অসুস্থতার কথা জানান পলক। পরে তাঁর নির্দেশনায় সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা চেয়ে আবেদন করেন আইনজীবী।

ফারজানা ইয়াসমিন রাখি জানান, দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন পলক। বর্তমানে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। বুধবার আদালতে এসে পলক তাঁকে জানান, কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যাচ্ছে এবং প্যারালাইজড হওয়ার আশঙ্কা করছেন। এ কারণে সিএমএইচে চিকিৎসার আবেদন করা হয়েছে। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

আইনজীবীর মাধ্যমে পলক আরও জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া তাঁর জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন তিনি। সেখানে নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়েছে। এ কারণে সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী।

এদিকে, হোসেন হত্যা মামলার অন্য আসামিদের আদালতে হাজির না করায় বুধবার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি। আদালতে আইনজীবীর সঙ্গে কথা বলার সময় পলক হোসেন হত্যা মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাক্ষীদের জেরার প্রস্তুতি নিতে বলেন। দ্রুত সময়ের মধ্যে সাক্ষীদের জেরা শেষ করার তাগিদও দেন তিনি।

শুনানি শেষে আদালতের নির্দেশের পর পুলিশ পাহারায় পলককে আদালত থেকে নামানো হয়। পরে তাঁকে হাজতখানায় না নিয়ে সরাসরি প্রিজনভ্যানে করে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র, দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তাঁর বিচার চলছে।

মুসআব/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে