×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞানের নতুন আবিষ্কার ও ১৪০০ বছর আগের কোরআনের বাণী

২০২৬ নভেম্বর ১৯ ১৬:১০:৩০
বিজ্ঞানের নতুন আবিষ্কার ও ১৪০০ বছর আগের কোরআনের বাণী

নিজস্ব প্রতিবেদক: মানুষের মনের ভেতরে চলা চিন্তাভাবনা, আবেগ ও হাজারো গোপন অনুভূতির সঙ্গে শরীরের শারীরিক প্রতিক্রিয়ার সংযোগ ঠিক কীভাবে ঘটে—তা নিয়ে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সাম্প্রতিক আবিষ্কার ও ১৪০০ বছর আগে পবিত্র কোরআনে বর্ণিত এক মহাসত্যের বিস্ময়কর মিল তুলে ধরা হয়েছে।

২০২৫ সালে সায়েন্স ডাইরেক্ট (ScienceDirect) জার্নালে (ব্রেইন, বিহেভিয়ার অ্যান্ড ইমিউনিটি) ‘দ্য ভেগাস নার্ভ: অ্যান ওল্ড বাট নিউ প্লেয়ার ইন ব্রেইন-বডি কমিউনিকেশন’ শিরোনামে একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রকাশিত হয়। গবেষণায় উঠে আসে, মানুষের গলা ও ঘাড়ের প্রধান রক্তনালি বা ‘ইন্টারনাল জুগুলার ভেইন’-এর ঠিক পাশ দিয়েই নিচে নেমে গেছে বিশেষ এক স্নায়ু, যার নাম ‘ভেগাস নার্ভ’ (Vagus nerve)।

চিকিৎসাবিজ্ঞানের মতে, এই ভেগাস নার্ভ আমাদের প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এটি মস্তিষ্কের সঙ্গে কান, হৃৎপিণ্ড, ফুসফুস ও পাকস্থলীসহ শরীরের প্রধান অঙ্গগুলোর সরাসরি সংযোগ স্থাপন করে। শুধু তা-ই নয়, এই স্নায়ু মানুষের আবেগ, মানসিক চাপ এবং ভেতরের অনুভূতি ও চিন্তার সঙ্গে শরীরের শারীরিক প্রতিক্রিয়ার মেলবন্ধন ঘটায়।

আজ থেকে ১৪০০ বছর আগে, যখন মরুভূমির বুকে কোনো আধুনিক গবেষণাগার বা মাইক্রোস্কোপ ছিল না, সেই যুগে পবিত্র কোরআনের সূরা কাফের ১৬ নম্বর আয়াতে মহান আল্লাহ তায়ালা ঘোষণা করেছিলেন:"আমিই মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তর তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমি জানি। আর আমি তার ঘাড়ের শিরার থেকেও অধিক নিকটবর্তী।"

এই আয়াতে আল্লাহ তায়ালা মানুষের মনস্তাত্ত্বিক ভাবনা ও গোপন অনুভূতির সঙ্গে নিজের নৈকট্য বোঝাতে ‘হাবলুল ওয়ারীদ’ অর্থাৎ ঘাড়ের গুরুত্বপূর্ণ রগের (জুগুলার ভেইন) কথা উল্লেখ করেন। আয়াতটি নাজিলের পর দীর্ঘদিন ধরে অবিশ্বাসী ও সংশয়বাদীরা দাবি করে আসছিল যে, ঘাড়ের রগের সঙ্গে মানুষের চিন্তাভাবনার কোনো সম্পর্ক নেই। কিন্তু আধুনিক নিউরোলজি বা স্নায়ুবিজ্ঞান যখন নিশ্চিত করেছে যে ঘাড়ের জুগুলার ভেইনের ঠিক পাশ দিয়েই বয়ে যাওয়া ভেগাস নার্ভ চিন্তা ও আবেগের সঙ্গে শরীরের যোগাযোগ ঘটায়, তখন ১৪০০ বছর আগে কোরআনে দেওয়া সেই ইঙ্গিত বিজ্ঞানীদেরও চমকে দিয়েছে।

মহান আল্লাহ কেন মানুষের চিন্তার সঙ্গে ঘাড়ের শিরার কথা যুক্ত করেছেন, তার মূল তাৎপর্য হলো—মানুষের ভৌগোলিক অবস্থান বা দূরত্ব যা-ই হোক না কেন, স্রষ্টার সান্নিধ্য কোনো কল্পনার বিষয় নয়; এটি চিরন্তন সত্য। মানুষ যখন অন্ধকার ঘরে একা থাকে এবং মুখে কোনো কথা না বলেই মনে মনে কোনো পাপ বা অপরাধের চিন্তা করে, তখনো সে একা নয়; তার রব তার ঘাড়ের শিরার চেয়েও বেশি কাছে অবস্থান করেন।

এই বিশ্বাস মানুষের অন্তরে গেঁথে গেলে সে গোপন অপরাধ ও মন্দ চিন্তা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, যা তার ভেতরে গভীর খোদাভীতি বা ‘তাকওয়া’র জন্ম দেয়—আর এই তাকওয়াই মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জনের মূল ভিত্তি গড়ে দেয়।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর

উ
প
রে