×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রুই-কাতলাসহ যেসব মাছেও থাকতে পারে ফিতাকৃমি

২০২৬ নভেম্বর ২৪ ১০:৪৮:১১
রুই-কাতলাসহ যেসব মাছেও থাকতে পারে ফিতাকৃমি

নিজস্ব প্রতিবেদক: মাছ খেতে ভালোবাসেন? তাহলে রান্না ও সংরক্ষণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। কারণ শুধু বাঁধাকপি বা ফুলকপির মতো সবজিতে নয়, বিভিন্ন প্রজাতির মাছেও থাকতে পারে ফিতাকৃমির লার্ভা। বিশেষ করে কাঁচা, আধসিদ্ধ বা পর্যাপ্ত তাপে রান্না না করা মাছ খেলে মানুষের শরীরে প্রবেশ করতে পারে এ পরজীবী। পরে অন্ত্রে বাসা বেঁধে তৈরি করতে পারে নানা শারীরিক সমস্যা। এমনকি দেখা দিতে পারে ভিটামিন বি১২-এর ঘাটতি ও রক্তাল্পতাও।

মাছের ফিতাকৃমির বৈজ্ঞানিক নাম Dibothriocephalus latus। এটি মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে এমন বৃহৎ ফিতাকৃমিগুলোর মধ্যে অন্যতম। সংক্রমিত মিষ্টি পানির মাছ কাঁচা বা অপর্যাপ্ত রান্না করে খেলে এর লার্ভা মানুষের শরীরে প্রবেশ করতে পারে। পরে ক্ষুদ্রান্ত্রে গিয়ে পূর্ণাঙ্গ ফিতাকৃমিতে পরিণত হয়। এ পরজীবী দৈর্ঘ্যে ৩০ ফুট পর্যন্ত হতে পারে।

অনেক ক্ষেত্রে ফিতাকৃমির সংক্রমণ হলেও শুরুতে কোনো লক্ষণ প্রকাশ পায় না। তবে সংক্রমণ বাড়লে পেটব্যথা, পেটে অস্বস্তি, ডায়রিয়া, বমি বমি ভাব, বমি এবং ওজন কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এ পরজীবী অন্ত্রে ভিটামিন বি১২ শোষণে বাধা সৃষ্টি করতে পারে। ফলে শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি দেখা দেয় এবং রক্তাল্পতা তৈরি হতে পারে। গুরুতর ক্ষেত্রে অন্ত্রে বাধা সৃষ্টির মতো জটিলতাও দেখা দিতে পারে।

পুষ্টিবিদ অনন্যা ভৌমিকের মতে, সংক্রমিত মাছ কাঁচা বা অপর্যাপ্ত রান্না করে খেলে শরীরে পরজীবী প্রবেশের আশঙ্কা থাকে। বাংলার পরিচিত মাছের মধ্যে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাবদা ও ট্যাংরায় এ ধরনের পরজীবী থাকার ঝুঁকি থাকতে পারে।

এ ছাড়া ট্রাউট, পার্চ, হেরিং ও কডের মতো মাছেও পরজীবী সংক্রমণের আশঙ্কা রয়েছে। স্যামন মাছের ক্ষেত্রেও সঠিকভাবে সংরক্ষণ ও রান্না না করলে সংক্রমণের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না।

তবে কোনো নির্দিষ্ট প্রজাতির সব মাছেই ফিতাকৃমি থাকে, এমন নয়। মাছের উৎস, বসবাসের পরিবেশ এবং সংরক্ষণ পদ্ধতির ওপর সংক্রমণের ঝুঁকি নির্ভর করে।

মাছের মধ্যে থাকা পরজীবীর লার্ভা ধ্বংস করতে নির্দিষ্ট তাপমাত্রায় হিমায়িত করা গুরুত্বপূর্ণ। মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএর নির্দেশিকা অনুযায়ী, পরজীবী ধ্বংস করতে মাছ হিমায়িত করার কয়েকটি পদ্ধতি রয়েছে।

১. মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় টানা সাত দিন মাছ সংরক্ষণ করতে হবে।

২. মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় মাছ সম্পূর্ণ শক্ত হওয়া পর্যন্ত হিমায়িত করে একই তাপমাত্রায় অন্তত ১৫ ঘণ্টা রাখতে হবে।

৩. মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় মাছ সম্পূর্ণ শক্ত হওয়ার পর মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় অন্তত ২৪ ঘণ্টা সংরক্ষণ করতে হবে।

তবে সাধারণ বাসাবাড়ির ফ্রিজে সব সময় প্রয়োজনীয় তাপমাত্রা বজায় থাকে না। তাই শুধু ডিপ ফ্রিজে রাখলেই মাছ পরজীবীমুক্ত হয়ে যাবে, এমনটি মনে করা ঠিক নয়।

ফিতাকৃমির সংক্রমণ এড়ানোর অন্যতম কার্যকর উপায় হলো মাছ ভালোভাবে রান্না করে খাওয়া। এ জন্য কাঁচা বা আধসিদ্ধ মাছ খাওয়ার অভ্যাস পরিহার করতে হবে।

এফডিএর নির্দেশিকা অনুযায়ী, রান্নার সময় মাছের ভেতরের তাপমাত্রা অন্তত ৬৩ ডিগ্রি সেলসিয়াস বা ১৪৫ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছানো জরুরি। মাছের সবচেয়ে মোটা অংশে ফুড থার্মোমিটার ব্যবহার করে এ তাপমাত্রা পরীক্ষা করা যায়।

মাছ ভালোভাবে সেদ্ধ বা ভাজা করে খেতে হবে। শুধু মাছের বাইরের অংশের রং বদলে গেলেই সেটি সম্পূর্ণ রান্না হয়েছে বলে ধরে নেওয়া উচিত নয়।

মাছ পুষ্টিকর খাবার। ফিতাকৃমির আশঙ্কায় মাছ খাওয়া বন্ধ করার প্রয়োজন নেই। বরং বিশ্বস্ত উৎস থেকে মাছ কেনা, সঠিক তাপমাত্রায় সংরক্ষণ এবং পর্যাপ্ত তাপে রান্না করে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এসব সতর্কতা মেনে চললে পরজীবী সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর

উ
প
রে