×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সৌদি থেকে কম দামে স্বর্ণ কিনে দেশে আনবেন যেভাবে

২০২৬ নভেম্বর ২৩ ১৭:০৭:৩০
সৌদি থেকে কম দামে স্বর্ণ কিনে দেশে আনবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব থেকে স্বর্ণ কিনে বাংলাদেশে আনা প্রবাসী ও ভ্রমণকারীদের কাছে দীর্ঘদিনের জনপ্রিয় বিষয়। দেশটির বাজারে স্বর্ণের দাম তুলনামূলক কম, পাশাপাশি বিভিন্ন ডিজাইন ও মানের স্বর্ণালংকার পাওয়া যায়। তবে সৌদি আরব থেকে স্বর্ণ কিনে দেশে ফেরার সময় কতটুকু স্বর্ণ আনা যাবে, কত টাকা শুল্ক দিতে হবে এবং ভ্যাট ফেরত পাওয়ার সুযোগ রয়েছে কি না, এসব বিষয়ে সঠিক নিয়ম জানা জরুরি।

বাংলাদেশ ও সৌদি আরবের স্বর্ণের দামে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। তবে কেনার সময় স্বর্ণের মূল দাম, মজুরি, ভ্যাট এবং দেশে আনার ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক-কর হিসাব করেই প্রকৃত সাশ্রয় নির্ধারণ করতে হবে।

২২ নভেম্বর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দাম অনুযায়ী, বাংলাদেশে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

অন্যদিকে, সৌদি আরবে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের বেস রেট ছিল প্রায় ৩৯১ থেকে ৪০৪ রিয়াল। সে হিসাবে এক ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫২ হাজার থেকে ১ লাখ ৫৭ হাজার টাকা।

দুই দেশের বাজারদরের তুলনায় প্রতি ভরিতে প্রায় ৩৮ হাজার থেকে ৪৩ হাজার টাকা পার্থক্য দেখা যায়। তবে সৌদি আরবে স্বর্ণালংকার কেনার সময় মূল দামের সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট এবং নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি যোগ হয়। ফলে বেস রেটের এই পার্থক্যই ক্রেতার প্রকৃত সাশ্রয় নয়।

সৌদি আরবে বিদেশি পর্যটকদের জন্য নির্দিষ্ট শর্তে কেনাকাটার ভ্যাট ফেরত পাওয়ার সুযোগ রয়েছে। যোগ্য পণ্য ও অনুমোদিত বিক্রেতার কাছ থেকে কমপক্ষে ৫০০ রিয়ালের পণ্য কিনলে ট্যাক্স ফ্রি ফর্ম সংগ্রহ করতে হয়।

নির্ধারিত নিয়ম ও শর্ত পূরণ করে কেনাকাটার ৯০ দিনের মধ্যে সৌদি আরব ত্যাগ করলে ভ্যাট ফেরত পাওয়ার সুযোগ রয়েছে। তবে সব দোকান কিংবা সব ধরনের কেনাকাটার ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নাও হতে পারে। তাই স্বর্ণ কেনার আগে দোকানটি ভ্যাট ফেরত ব্যবস্থার আওতাভুক্ত কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন।

সৌদি আরব থেকে দেশত্যাগের সময় স্বর্ণবার, মূল্যবান ধাতু কিংবা স্বর্ণালংকারের মোট মূল্য ৪০ হাজার রিয়াল বা তার বেশি হলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে ঘোষণা দিতে হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ক্ষেত্রে স্বর্ণ কেনার রসিদ, ক্যারেট, ওজন এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা গুরুত্বপূর্ণ। নির্ধারিত সীমার বেশি মূল্যমানের স্বর্ণ বহনের ক্ষেত্রে ঘোষণা না দিলে বিমানবন্দরে জটিলতা তৈরি হতে পারে।

বাংলাদেশের ব্যাগেজ বিধিমালা অনুযায়ী, বিদেশফেরত যাত্রীরা নির্ধারিত পরিমাণ স্বর্ণালংকার শুল্ক-কর ছাড়াই দেশে আনতে পারেন।একজন যাত্রী বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণালংকার শুল্ক-কর ছাড়াই আনতে পারবেন। তবে একই ধরনের স্বর্ণালংকার ১২টির বেশি আনা যাবে না। স্বর্ণালংকারের ক্যারেট ও প্রযোজ্য শর্ত অনুযায়ী এই সুবিধা কার্যকর হবে।

অর্থাৎ, বিদেশ থেকে স্বর্ণের গহনা কেনার ক্ষেত্রে নির্ধারিত পরিমাণ ও শর্তের মধ্যে থাকলে আলাদা শুল্ক পরিশোধ করতে হয় না। তবে অনুমোদিত সীমার বাইরে স্বর্ণ বহন করলে প্রযোজ্য বিধি অনুসরণ করতে হবে।

স্বর্ণালংকার ও স্বর্ণবার আনার নিয়ম এক নয়। বাংলাদেশে ব্যাগেজ বিধিমালা অনুযায়ী, একজন যাত্রী বছরে একবার সর্বোচ্চ ১১৭ গ্রাম বা ১০ তোলা স্বর্ণবার কিংবা স্বর্ণপিণ্ড আনতে পারবেন। তবে এ ক্ষেত্রে নির্ধারিত শুল্ক পরিশোধ করতে হবে।

প্রতি ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক তোলা স্বর্ণের জন্য ৫ হাজার টাকা শুল্ক দিতে হয়। সে হিসাবে ১০ তোলা স্বর্ণবার দেশে আনতে মোট শুল্ক দাঁড়ায় ৫০ হাজার টাকা।

তাই সৌদি আরব থেকে স্বর্ণবার কেনার পরিকল্পনা করলে শুধু ক্রয়মূল্য নয়, দেশে প্রবেশের সময় দিতে হবে এমন শুল্কও মোট খরচের সঙ্গে যোগ করতে হবে।

বিদেশ থেকে বাংলাদেশে ফেরার সময় বিমানবন্দরে ব্যাগেজ ঘোষণা ও চ্যানেল ব্যবহারের নিয়ম অনুসরণ করতে হয়। শুল্কযোগ্য পণ্য সঙ্গে থাকলে রেড চ্যানেল ব্যবহার করতে হয়। আর শুল্কযোগ্য পণ্য না থাকলে গ্রিন চ্যানেল দিয়ে যাত্রীরা বের হতে পারেন।

স্বর্ণ বা অন্যান্য শুল্কযোগ্য পণ্য বহন করলে সেগুলোর তথ্য গোপন না করে যথাযথ ঘোষণা দেওয়া উচিত। প্রয়োজনীয় কাগজপত্র ও ক্রয়ের রসিদ সঙ্গে থাকলে কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সুবিধা হয়।

সৌদি আরব থেকে স্বর্ণ কেনার ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের বাজারদরের পার্থক্য দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। স্বর্ণের ক্যারেট, প্রতি গ্রামের দাম, গহনা তৈরির মজুরি, ভ্যাট, ভ্যাট ফেরত পাওয়ার যোগ্যতা এবং বাংলাদেশে আনার সময় প্রযোজ্য শুল্ক—সবকিছু হিসাব করতে হবে।

বিশেষ করে স্বর্ণবার ও স্বর্ণালংকারের ক্ষেত্রে দেশে আনার নিয়ম আলাদা হওয়ায় কেনার আগে ব্যাগেজ বিধিমালা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। এতে অপ্রত্যাশিত খরচ এড়ানোর পাশাপাশি বিমানবন্দরে কাস্টমস সংক্রান্ত জটিলতা থেকেও রক্ষা পাওয়া সম্ভব।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে