×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দেশের বাজারে পুরোনো স্বর্ণ বিক্রি বা বদলে নতুন নিয়ম

২০২৬ নভেম্বর ২৪ ০৮:২৬:৪১
দেশের বাজারে পুরোনো স্বর্ণ বিক্রি বা বদলে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পুরোনো স্বর্ণালংকার বিক্রি কিংবা বদলে নতুন গহনা কেনার ক্ষেত্রে কর্তনের হার কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গত ২২ নভেম্বর থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে পুরোনো স্বর্ণ বিনিময় ও সরাসরি বিক্রির ক্ষেত্রে আগের তুলনায় বেশি অর্থ পাবেন ক্রেতারা।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুরোনো স্বর্ণালংকার বদলে নতুন গহনা কিনলে নির্ধারিত মূল্য থেকে ৯ শতাংশ অর্থ কর্তন করা হবে। আর পুরোনো স্বর্ণ সরাসরি দোকানে বিক্রি করে নগদ টাকা নিতে চাইলে কর্তন করা হবে ১৫ শতাংশ।

এর আগে ২০২৩ সালের নিয়ম অনুযায়ী, পুরোনো স্বর্ণালংকার বদলে নতুন গহনা কেনার ক্ষেত্রে ১০ শতাংশ এবং সরাসরি বিক্রির ক্ষেত্রে ২০ শতাংশ অর্থ কর্তন করা হতো। নতুন নিয়মে স্বর্ণ বিনিময়ের ক্ষেত্রে কর্তনের হার ১ শতাংশ এবং সরাসরি বিক্রির ক্ষেত্রে ৫ শতাংশ কমানো হয়েছে।

ধরা যাক, আপনার পুরোনো স্বর্ণালংকারের নির্ধারিত মূল্য ১ লাখ টাকা। নতুন নিয়মে সেই স্বর্ণ দিয়ে নতুন গহনা কিনলে ৯ শতাংশ বা ৯ হাজার টাকা কর্তন করা হবে। ফলে বাকি ৯১ হাজার টাকা নতুন গহনা কেনার মূল্য পরিশোধে সমন্বয় করা যাবে।

অন্যদিকে, পুরোনো স্বর্ণ সরাসরি নগদ টাকায় বিক্রি করলে ১৫ শতাংশ বা ১৫ হাজার টাকা কর্তন করা হবে। এতে স্বর্ণ বিক্রির পর হাতে পাবেন ৮৫ হাজার টাকা।অর্থাৎ, একই মূল্যের পুরোনো স্বর্ণ সরাসরি বিক্রি না করে নতুন গহনার সঙ্গে বিনিময় করলে ৬ হাজার টাকা বেশি মূল্য সমন্বয়ের সুবিধা পাওয়া যাবে।

তবে পুরোনো স্বর্ণের প্রকৃত মূল্য নির্ধারণের ক্ষেত্রে এর ওজন, ক্যারেট ও বিশুদ্ধতা যাচাই করা হবে। ফলে স্বর্ণের প্রকৃত মূল্য কম-বেশি হলে কর্তনের পর পাওয়া অর্থও পরিবর্তিত হতে পারে।

পুরোনো স্বর্ণ বিক্রি কিংবা বদলে নতুন গহনা কেনার আগে গহনার প্রকৃত ওজন, ক্যারেট ও বিশুদ্ধতা যাচাই করে নেওয়া জরুরি। গহনায় পাথর বা অন্য কোনো উপাদান থাকলে সেগুলোর ওজন বাদ দিয়ে স্বর্ণের প্রকৃত ওজন কত ধরা হচ্ছে, তা নিশ্চিত হতে হবে।

এ ছাড়া নির্ধারিত কর্তনের হার অনুযায়ী কত টাকা বাদ দেওয়া হচ্ছে এবং চূড়ান্ত হিসাবে কত টাকা পাওয়া যাচ্ছে, তা ভালোভাবে বুঝে নিতে হবে। লেনদেন শেষে হিসাবের বিস্তারিত উল্লেখ রয়েছে এমন লিখিত রশিদ সংগ্রহ করাও জরুরি।

বাজুসের নতুন সিদ্ধান্তে পুরোনো স্বর্ণ বিনিময় ও বিক্রির ক্ষেত্রে কর্তনের হার কমায় স্বর্ণ বিক্রেতা ও নতুন গহনা কিনতে আগ্রহীদের জন্য কিছুটা বাড়তি সুবিধা তৈরি হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে