×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গরু, ষাঁড় ও মহিষ জবাইয়ে নতুন নির্দেশনা মুখ্যমন্ত্রীর

২০২৬ নভেম্বর ২৩ ২০:১৯:৩৯
গরু, ষাঁড় ও মহিষ জবাইয়ে নতুন নির্দেশনা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে বলেছেন, কোনোভাবেই রাজ্যে অবৈধভাবে গরু হত্যা করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি নতুন একটি বিল আনার পরিকল্পনাও করছে তাঁর সরকার। তবে অনুমোদিত কসাইখানায় আইন মেনে পশু জবাইয়ের ক্ষেত্রে বাধা দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) রাজ্য সচিবালয় নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যে গোপনে গরু জবাইয়ের ঘটনা বন্ধ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এ ক্ষেত্রে ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন কার্যকরের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশনাও বাস্তবায়ন করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, গোপনে বা অবৈধভাবে গরু জবাইয়ের মতো কর্মকাণ্ড চলতে থাকলে সাধারণ মানুষ এ বিষয়ে সরকারকে তথ্য দিতে পারবেন। কারও কাছে এ ধরনের ঘটনার তথ্য থাকলে তা তাঁকে জানানোর আহ্বান জানান তিনি। অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন।

শুভেন্দু অধিকারী আরও জানান, অবৈধভাবে গবাদিপশু জবাইয়ের ঘটনায় দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন একটি বিল আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিদ্যমান আইনি ব্যবস্থাকে আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের।

তবে বৈধভাবে পরিচালিত কসাইখানায় পশু জবাইয়ের বিষয়টি আলাদা বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, অনুমোদিত কসাইখানায় আইন ও নির্ধারিত নিয়ম মেনে পশু জবাই করা হলে তাতে বাধা দেওয়া হবে না। অবৈধভাবে পশু জবাই এবং অনুমোদিত কসাইখানার কার্যক্রমকে একইভাবে দেখার সুযোগ নেই বলেও জানান তিনি।

এদিকে মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ ও বয়স্ক গরুর পরিচর্যার জন্য গোশালাগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি গোশালাকে বছরে সর্বোচ্চ এক লাখ রুপি পর্যন্ত সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় গোকুল মিশনের আওতায় এই অর্থ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর মাধ্যমে অসুস্থ ও বয়স্ক গরুর দেখভাল এবং পরিচর্যার ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত মে মাসে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার গরু, ষাঁড় ও মহিষসহ গবাদিপশু জবাইয়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় পশু জবাইয়ের আগে অনুমোদিত স্থানীয় কর্মকর্তা এবং সরকারি পশু চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্যসংক্রান্ত সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়। পাশাপাশি নির্ধারিত ও অনুমোদিত কসাইখানা ছাড়া অন্য কোথাও পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নতুন বিলের উদ্যোগ, বিদ্যমান আইনের প্রয়োগ এবং গোশালাগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে গবাদিপশু জবাই নিয়ন্ত্রণ ও গরুর পরিচর্যা-সংক্রান্ত কার্যক্রম আরও জোরদার করতে চাইছে রাজ্য সরকার।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে