×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা

২০২৬ নভেম্বর ২৪ ০৯:৫১:১৫
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। এ জন্য তিনি সরকারের কাছে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এবারও সরকারের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে তার দেশে ফেরার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে।

মুখপাত্রের দাবি, সংবিধানের পরিপন্থীভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরা সম্ভব করা সরকারের দায়িত্ব। দেশে ফেরার জন্য এটিই প্রথমবার নির্দিষ্ট কোনো তারিখ জানালেন শেখ হাসিনা।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এ মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য নথির জন্য শেখ হাসিনার আবেদন করার পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। এর আগে রোববার এক বাংলাদেশি মন্ত্রী রয়টার্সকে জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ছাত্রনেতৃত্বাধীন ওই অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।

সব মিলিয়ে ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের অবস্থান এবং বাস্তবে রাষ্ট্রীয় বিমানের ব্যবস্থা করা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে