×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

যে কারণে রেনাটার মুনাফায় বড় প্রবৃদ্ধি

২০২৬ নভেম্বর ২৩ ১৬:২১:৩৫
যে কারণে রেনাটার মুনাফায় বড় প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয়, পরিচালন নগদ অর্থপ্রবাহ ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে। এ সময়ে কোম্পানিটির আয় বৃদ্ধির পাশাপাশি নিট অর্থায়ন ব্যয় কমে যাওয়ায় মুনাফায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৬ টাকা ৪৭ পয়সা।

এদিকে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২১ টাকা ৯৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১২ টাকা ৬২ পয়সা।

অন্যদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৩৯ টাকা ৩১ পয়সা। আগের হিসাব বছরের ৩০ জুন শেষে এ মূল্য ছিল ৩২৯ টাকা ১৯ পয়সা।

আর্থিক সূচকে উন্নতির কারণ ব্যাখ্যা করে কোম্পানিটি জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে গ্রুপের নিট মুনাফা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। মূলত রাজস্ব আয় বৃদ্ধি এবং নিট অর্থায়ন ব্যয় কমে যাওয়ায় মুনাফায় এ প্রবৃদ্ধি হয়েছে।

কোম্পানিটির মতে, মূলধন পুনর্গঠনসংক্রান্ত বিভিন্ন উদ্যোগ এবং বৈদেশিক মুদ্রা বিনিময় হার ও সুদের হারের ঝুঁকি সতর্কতার সঙ্গে ব্যবস্থাপনার ইতিবাচক প্রভাব পড়েছে অর্থায়ন ব্যয় কমার ক্ষেত্রে।

এদিকে, বছরওয়ারি কোম্পানিটির সাধারণ শেয়ারের সংখ্যা অপরিবর্তিত ছিল। ফলে নিট মুনাফা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে শেয়ারপ্রতি আয়ও বেড়েছে।

অন্যদিকে, চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ অর্থপ্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মূলত পরিচালন মুনাফা বৃদ্ধি এবং কার্যকরী মূলধনের অনুকূল পরিবর্তনের কারণে নগদ অর্থপ্রবাহে এ উন্নতি হয়েছে।

কোম্পানিটি আরও জানিয়েছে, কার্যকরী মূলধনের ইতিবাচক অবদানের প্রধান কারণ ছিল মজুত পণ্যে আটকে থাকা নগদ অর্থের পরিমাণ কমে যাওয়া এবং বাণিজ্যিক ও অন্যান্য প্রদেয় হিসাবের অনুকূল পরিবর্তন। তবে বাণিজ্যিক ও অন্যান্য প্রাপ্য হিসাবে নগদ অর্থের ব্যবহার বেড়ে যাওয়ায় এ সুবিধার একটি অংশ সমন্বিত হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে