×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন এনসিপি নেতারা

২০২৬ নভেম্বর ২৩ ১৫:৪৪:৩৪
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন এনসিপি নেতারা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। এরপর দুপুর আড়াইটার দিকে বৈঠক শেষ হয়। বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপি নেতারা।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

ব্রিফিংয়ে নাহিদ ইসলাম জানান, বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানো, জেলা পর্যায়ে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন করা এবং অভিযোগপত্র দাখিলের মাধ্যমে বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা। জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করতে এসব পদক্ষেপ জরুরি বলে মনে করেন এনসিপি নেতারা।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ঘোষিত রায় কার্যকরের উদ্যোগ নেওয়ার দাবিও জানান নাহিদ ইসলাম। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

জুলাই যোদ্ধাদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি সরকারের নির্দেশনা দেওয়ার বিষয়টিও বৈঠকে তুলে ধরেছেন বলে জানান এনসিপির আহ্বায়ক। আওয়ামী লীগের দলীয়ভাবে বিচারের বিষয়ে তাদের চার দফা দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে ট্রাইব্যুনালে ইতোমধ্যে তদন্ত চলছে।

ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, নতুন চুক্তির ক্ষেত্রে বাংলাদেশকে কোনো ধরনের আপস করা উচিত নয়। ভারতের সঙ্গে আলোচনায় দেশের পানির ন্যায্য হিস্যা আদায়ে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে ভারতের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিতে হবে, যাতে পানি বণ্টনের ক্ষেত্রে দেশের ন্যায্য অধিকার নিশ্চিত হয়।

ভারত ও আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, ভারত একজন খুনিকে আশ্রয় ও সুযোগ দিচ্ছে। পাশাপাশি একটি স্বৈরাচারী ও গণহত্যাকারী দলকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালানোর জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সীমান্তের ওপারে হিন্দুত্ববাদী সংগঠন ও বিজেপির উদ্যোগে বাংলাদেশবিরোধী সমাবেশ হচ্ছে বলেও দাবি করেন এনসিপির আহ্বায়ক। এসব সমাবেশে বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে এবং আওয়ামী লীগের পলাতক নেতারাও এতে যুক্ত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলামের ভাষ্য, ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক লড়াই আর আওয়ামী লীগ বনাম বিএনপি কিংবা এনসিপির মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমানে এই লড়াই ভূরাজনৈতিক পর্যায়ে পৌঁছেছে এবং তা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।

ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমান ও দলিতদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে দেশটির সংখ্যালঘু পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন তিনি। একই সঙ্গে বাংলাদেশে আওয়ামী লীগের শাসনামলে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও সম্পত্তি দখলের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

ভারতের অপপ্রচারের জবাব দিতে দেশের সব সামাজিক ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্ব দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সংখ্যালঘু ও হিন্দু সম্প্রদায়, আলেম-ওলামা, মাজার-দরগাহ ও সুফি সমাজ এবং সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে সরকারকে আলোচনায় বসতে হবে।

তার মতে, দেশের সব সম্প্রদায় ও সামাজিক শক্তিকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করা প্রয়োজন, যাতে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণার জবাব সম্মিলিতভাবে দেওয়া যায়।

রাজনৈতিক ঐক্যের প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, সরকার প্রধান ফ্যাসিবাদ ও জুলাই অভ্যুত্থানের প্রশ্নে ঐক্যের আহ্বান জানিয়েছেন। তবে এনসিপি মনে করে, এ ঐক্য শুধু কোনো নির্দিষ্ট দল, ১১ দলীয় জোট কিংবা বিএনপির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে নিয়ে দীর্ঘমেয়াদি ঐক্যের ভিত্তি ও রোডম্যাপ তৈরি করা প্রয়োজন।

এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ বা বিএনপির দলীয় পররাষ্ট্রনীতির পরিবর্তে আধিপত্যবাদ ও সার্বভৌমত্বের প্রশ্নে একটি যৌথ জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়ন করা প্রয়োজন।

এই নীতির ভিত্তিতে জাতীয় নিরাপত্তা, গণতন্ত্র, অর্থনৈতিক নিরাপত্তা ও দেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিশ্চিত করার দাবি জানান তিনি। তার মতে, জাতীয় স্বার্থের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকা জরুরি।

রাষ্ট্রীয় সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক), নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, সংসদের উচ্চকক্ষ ও স্বাধীন বিচারব্যবস্থাসহ মৌলিক সংস্কারগুলো জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার অংশ।

এসব সংস্কার বাস্তবায়ন ছাড়া গণতন্ত্রকে টেকসই করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও জনগণের আস্থা অর্জনের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন বলে জানান।

সংবিধান সংস্কার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

বৈঠকে উত্থাপিত বিষয়গুলো সরকার বিবেচনা করার কথা জানিয়েছে এবং আলোচনা অব্যাহত রাখতে চায় বলে জানান নাহিদ ইসলাম।

তবে বৈঠক নিয়ে এনসিপি সন্তুষ্ট কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্তুষ্টি নির্ভর করবে সরকার শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে, নাকি বাস্তবে কার্যকর পদক্ষেপ নেয় তার ওপর।

অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক, বিরোধী দলীয় নেতার দেশে ফেরা এবং সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে সরকার জনগণের আস্থা অর্জন করতে পারলে বৈঠক সফল হয়েছে বলে মনে করবেন তারা।

নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী, এনসিপি সরকারের কাছে শুধু আলোচনা নয়, বিচার, রাষ্ট্র সংস্কার, জাতীয় ঐক্য ও সার্বভৌমত্বের প্রশ্নে বাস্তব পদক্ষেপ প্রত্যাশা করছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে