×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সর্বোচ্চ লেনদেনের পরদিনই বাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা

২০২৬ নভেম্বর ২৩ ১৪:৫২:০৭
সর্বোচ্চ লেনদেনের পরদিনই বাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবসে গত দুই মাসের মধ্যে সূচকের সর্বোচ্চ উত্থান এবং লেনদেনে নতুন উচ্চতা দেখার পর দ্বিতীয় কর্মদিবসে শেয়ারবাজারে স্বাভাবিক দর সংশোধন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

এর আগে গত সপ্তাহে শেয়ারবাজারে ধীরগতির উত্থানের পাশাপাশি লেনদেনে মিশ্র প্রবণতা দেখা যায়। তবে চলতি সপ্তাহের প্রথম দিনেই সূচক ও লেনদেনে ইতিবাচক পরিবর্তন ঘটে। সেদিন বাজারে স্থিতিশীলতার চিত্রও লক্ষ করা যায়। কিন্তু পরবর্তী কর্মদিবসে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে সূচকের পতন খুব বেশি হয়নি। বাজার নিম্নমুখী থাকায় বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে আগ্রহী না হওয়ায় টাকার অঙ্কে লেনদেন কমেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, শেয়ারবাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এখনো আশাবাদ রয়েছে। সরকারপ্রধান বাজারের প্রতি নজর দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে বাজারের স্থিতিশীলতা নষ্ট করা কারও পক্ষে সম্ভব হবে না। তবে বর্তমান কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শেয়ারবাজার সম্পর্কে জ্ঞানের ঘাটতি রয়েছে বলে সামগ্রিক পরিস্থিতিতে মনে হচ্ছে।

বাজার সংশ্লিষ্টরা আরও মনে করেন, বর্তমান কমিশন বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও শেয়ারবাজারের উন্নয়নে কিছু ইতিবাচক উদ্যোগ নিলেও বাজার তদারকিতে উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারেনি। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাদের মতে, কঠোর নজরদারির মাধ্যমে অস্বাভাবিক দরপতন নিয়ন্ত্রণ এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পারলেই শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব হবে।

এদিকে, আজ (২৩ নভেম্বর) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ অধিকাংশ সূচক ও টাকার অঙ্কে লেনদেন কমেছে। পাশাপাশি দর হারিয়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠান।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৪১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৭.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৮৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬.৩৫ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ২.০৪ পয়েন্ট কমে ২ হাজার ৯৮.২০ পয়েন্টে নেমে এসেছে।

এদিন ডিএসইতে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ১৮৬টির দর কমেছে এবং ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে।

দিনটিতে ডিএসইতে মোট ৯২০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২২০ কোটি ১৫ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ২৯৯ কোটি ৩৩ লাখ টাকা।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে বাজারটিতে লেনদেনের পরিমাণ ছিল ২০ কোটি ৫৭ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৬টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ৭৯টির দর কমেছে এবং ২৪টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০.৮১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৮৪.২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কর্মদিবসে সূচকটি ১৫৩.৬৭ পয়েন্ট বেড়েছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে