×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান

২০২৬ নভেম্বর ১৯ ১০:২৮:৫৬
১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৬ বছর পর দেশের শেয়ারবাজারে আবারও চালু হচ্ছে সরাসরি তালিকাভুক্তির সুযোগ। নতুন বিধিমালার আওতায় বহুজাতিক কোম্পানি ও বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসতে পারবে। আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত দুটি নতুন কোম্পানি তালিকাভুক্ত হওয়ার আশা করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

দেশের শেয়ারবাজারে বহুজাতিক কোম্পানি ও বড় করপোরেট প্রতিষ্ঠান আকৃষ্ট করতে সরাসরি তালিকাভুক্তির সুযোগ পুনরায় চালু করেছে সরকার। এ লক্ষ্যে ১৬ বছর পর ডাইরেক্ট লিস্টিং পদ্ধতি ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি এ-সংক্রান্ত বিধিমালার চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে।

নতুন বিধিমালার ফলে দেশে ব্যবসা পরিচালনাকারী বহুজাতিক কোম্পানি (এমএনসি) এবং দেশীয় বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পাবে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ দেশের শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নতুন বিধিমালা অনুযায়ী, সরকারের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন প্রতিষ্ঠান সরাসরি তালিকাভুক্ত হতে পারবে। এ ছাড়া যেসব কোম্পানির পরিশোধিত মূলধনের অন্তত ১০ শতাংশ সরকারের মালিকানায় রয়েছে, সেসব প্রতিষ্ঠানও এ সুযোগ পাবে।

সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ বিদেশি মালিকানাধীন কোম্পানির জন্যও সরাসরি তালিকাভুক্তির পথ খুলেছে। পাশাপাশি সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কমপক্ষে ৫০০ কোটি টাকা নিট সম্পদ রয়েছে—এমন তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানি তালিকাভুক্তির যোগ্য হবে।

এ ছাড়া যেসব কোম্পানির বার্ষিক ব্যবসায়িক লেনদেন বা টার্নওভার কমপক্ষে ১ হাজার কোটি টাকা, তারাও নতুন নিয়মের আওতায় সরাসরি শেয়ারবাজারে আসতে পারবে।

দেশীয় বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানগুলোর সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে কয়েকটি শর্ত নির্ধারণ করা হয়েছে। কোম্পানিকে টানা অন্তত পাঁচ বছর বাণিজ্যিক উৎপাদনে থাকতে হবে। পাশাপাশি সর্বশেষ দুই অর্থবছরে মূল ব্যবসায়িক কার্যক্রম থেকে মুনাফা অর্জন করতে হবে।

তালিকাভুক্তির পর উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে কোম্পানির অন্তত ৩০ শতাংশ শেয়ার ধরে রাখতে হবে। এ ছাড়া মার্চেন্ট ব্যাংকারের পরামর্শে নির্ধারিত রেফারেন্স মূল্যের চেয়ে অন্তত ২৫ শতাংশ কম দামে শেয়ার অফার করার বিধান রাখা হয়েছে।

বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, কোম্পানির জবাবদিহি নিশ্চিত করা এবং বাজারে স্বচ্ছতা বজায় রাখতেই এসব শর্ত আরোপ করা হয়েছে।

সরাসরি তালিকাভুক্তির অন্যতম সুবিধা হলো, কোম্পানিকে নতুন শেয়ার ইস্যু করতে হবে না। উদ্যোক্তা ও বিদ্যমান শেয়ারহোল্ডারদের হাতে থাকা শেয়ার বিক্রির মাধ্যমেও বাজারে তালিকাভুক্ত হওয়া সম্ভব হবে।

এতে কোম্পানির মূলধন কাঠামো অপরিবর্তিত রেখেই শেয়ারবাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আইপিও প্রক্রিয়ার দীর্ঘ সময় ও জটিলতা এড়িয়ে তুলনামূলক দ্রুত তালিকাভুক্ত হওয়া সম্ভব হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আইনি ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে বিদেশি বিনিয়োগকারী এবং দেশীয় বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহ দেখায়নি। গত দুই দশকে বাজারে মাত্র দুটি বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন বিধিমালার মাধ্যমে এসব প্রতিবন্ধকতা কাটিয়ে আরও বড় ও শক্তিশালী কোম্পানিকে বাজারে আনার প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ারবাজারে নতুন কোম্পানি আনার বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক নূজহাত আনোয়ার।

তিনি বলেন, নতুন কোম্পানি তালিকাভুক্তির আগে দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হয়। বহুজাতিক কোম্পানির ক্ষেত্রে বিদেশের প্রধান কার্যালয়ের অনুমোদনও প্রয়োজন হতে পারে।

নূজহাত আনোয়ার জানান, বিএসইসি নতুন বিধিমালা জারি করেছে। আবেদন জমা পড়ার পর দ্রুত অনুমোদনের চেষ্টা করা সম্ভব হবে। নতুন কমিশন সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার বিষয়ে উদ্যোগী হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত দুটি নতুন কোম্পানির তালিকাভুক্তি দেখা যাবে।

শুধু নতুন কোম্পানি তালিকাভুক্ত করাই নয়, শেয়ারবাজারের লেনদেন ও নিষ্পত্তি ব্যবস্থার আধুনিকায়নেও উদ্যোগ নেওয়া হচ্ছে। বন্ডবাজার সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি লেনদেন নিষ্পত্তির সময় কমানোর পরিকল্পনা রয়েছে।

ডিএসই আগামী ডিসেম্বরের মধ্যে লেনদেনের পরদিনই নিষ্পত্তি সম্পন্ন করার ‘টি+১’ ব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করেছে। এ ব্যবস্থা চালু হলে শেয়ার কেনাবেচার পর নিষ্পত্তির সময় কমে আসবে, যা বাজারের কার্যকারিতা ও আধুনিকায়নে ভূমিকা রাখতে পারে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে