×
ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

ভারতীয় ভিসার নিয়মে পরিবর্তন, ফরম পূরণে যেসব তথ্য দিতে হবে

২০২৬ নভেম্বর ০৬ ১৬:৪০:৪২
ভারতীয় ভিসার নিয়মে পরিবর্তন, ফরম পূরণে যেসব তথ্য দিতে হবে

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ভিসা আবেদনের প্রক্রিয়ায় নতুন বাধ্যবাধকতা যুক্ত করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে বাংলাদেশি আবেদনকারীদের সব ধরনের ভিসার ক্ষেত্রে নির্ধারিত ফরম্যাটে ‘ভিসা আন্ডারটেকিং ফরম’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দিতে হবে। অনলাইনে ভিসার আবেদন করার সময় পূরণ করা এই ফরম স্ক্যান করে আপলোড না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা-সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে নতুন নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে অঙ্গীকারনামার ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর সেটি স্ক্যান করে অনলাইন ভিসা আবেদন পোর্টালে আপলোড করতে হবে। নির্ধারিত ফরম্যাট ছাড়া অন্য কোনো ফরমে অঙ্গীকারনামা জমা দেওয়া হলে তা গ্রহণ করা হবে না।

এক পাতার নির্ধারিত ফরমে আবেদনকারীকে ব্যক্তিগত পরিচয়, ঠিকানা এবং ভারত সফরের উদ্দেশ্য উল্লেখ করতে হবে। এর মধ্যে রয়েছে পাসপোর্ট অনুযায়ী পূর্ণ নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং ঢাকায় বর্তমান ঠিকানা। পাশাপাশি ভারত সফরের উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যেমন—পর্যটন, চিকিৎসা, ব্যবসা কিংবা কোনো সম্মেলনে অংশগ্রহণ।

অঙ্গীকারনামায় আবেদনকারীকে নিশ্চিত করতে হবে, ভারত সফরের সময় তিনি যে উদ্দেশ্যে ভিসার আবেদন করেছেন, সেই উদ্দেশ্যেই দেশটিতে অবস্থান করবেন। সফর শেষে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই নিজ দেশে ফিরে আসার অঙ্গীকারও করতে হবে। কোনো অবস্থাতেই ভিসার অনুমোদিত মেয়াদ অতিক্রম করে ভারতে অবস্থান করা যাবে না।

এ ছাড়া ভারতে অবস্থানকালে দেশটির প্রচলিত আইন, বিধিবিধান ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার ঘোষণা দিতে হবে। একই সঙ্গে কোনো ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকার করতে হবে। ফরমে উল্লেখ করা হয়েছে, এসব শর্ত লঙ্ঘন করলে আবেদনকারীর ভিসা বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার যোগ্যতার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ফরম পূরণের পর আবেদনকারীকে নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। পাশাপাশি স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীদের ক্ষেত্রে বাবা ও মা—উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক বলে নির্দেশনায় জানানো হয়েছে।

নতুন নিয়ম কার্যকর হওয়ায় ভারতীয় ভিসার আবেদন করার আগে নির্ধারিত অঙ্গীকারনামা ডাউনলোড, পূরণ ও স্ক্যান করার বিষয়টি নিশ্চিত করতে হবে। বিশেষ করে নাম, পাসপোর্ট নম্বর, জন্মতারিখ ও ঠিকানার মতো তথ্য পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে মিলিয়ে নেওয়া জরুরি। সব তথ্য সঠিকভাবে পূরণ করে নির্ধারিত ফরম্যাটে আপলোড না করলে আবেদন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে। তাই আবেদন জমা দেওয়ার আগে ভারতীয় হাইকমিশনের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে