×
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ

২০২৬ অক্টোবর ১৯ ১৭:৪১:০৪
বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক: ছুটি কিংবা অবকাশে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন অনেকেই। তবে ভিসা পাওয়ার জটিলতা ও দীর্ঘ প্রক্রিয়ার কারণে অনেক সময় পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সুখবর হলো, নির্দিষ্ট শর্তে আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৫টি গন্তব্যে ভ্রমণের সুযোগ রয়েছে। এসব গন্তব্যের কয়েকটিতে ভিসামুক্ত প্রবেশ, আবার কয়েকটিতে পৌঁছানোর পর ভিসা বা ইলেকট্রনিক অনুমোদনের সুবিধা পাওয়া যায়।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের ২০২৬ সালের মধ্যবর্তী পাসপোর্ট সূচক অনুযায়ী, বাংলাদেশের অবস্থান ৯৭তম। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। সূচকটি মূলত বিভিন্ন দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা না নিয়ে কতটি গন্তব্যে প্রবেশ করতে পারেন, তার ভিত্তিতে তৈরি করা হয়। এতে ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৫টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা কিংবা নির্দিষ্ট ক্ষেত্রে ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের সুবিধা পেতে পারেন। তবে সব গন্তব্যের নিয়ম এক নয়। কোনো দেশে আগাম ভিসা ছাড়াই প্রবেশ করা গেলেও অন্য কোনো দেশে পৌঁছে ভিসা নিতে হতে পারে। আবার কিছু গন্তব্যে ভ্রমণের আগে অনলাইনে অনুমোদন নেওয়া প্রয়োজন হতে পারে।

প্রকাশিত তালিকায় রয়েছে—ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কোমোরোস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নেপাল, নিউয়ে, বারবাডোস, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স, বাহামাস, গাম্বিয়া, পূর্ব তিমুর বা তিমুর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থানেরও ওঠানামা দেখা গেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সূচকে বাংলাদেশ ১০০তম অবস্থানে ছিল। এর আগে ২০২৪ সালে ৯৭তম, ২০২৩ সালে ১০১তম, ২০২২ সালে ১০৩তম এবং ২০২১ সালে ১০৮তম অবস্থানে ছিল দেশটি। ২০২০ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম।

এবারের সূচকে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা সবচেয়ে বেশি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা পান।

তবে ভ্রমণের পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাস, অভিবাসন কর্তৃপক্ষ বা সরকারি ওয়েবসাইট থেকে সর্বশেষ প্রবেশবিধি যাচাই করা জরুরি। পাসপোর্টের মেয়াদ, ফিরতি টিকিট, হোটেল বুকিং, পর্যাপ্ত অর্থের প্রমাণ এবং ভ্রমণের উদ্দেশ্যসংক্রান্ত কাগজপত্রও চাওয়া হতে পারে। তাই ‘ভিসা ছাড়াই ভ্রমণ’ সুবিধা থাকলেও প্রবেশের সব শর্ত পূরণ করা প্রয়োজন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে