×
ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

৫ থেকে ৪৫ কেজি— এলপিজি সিলিন্ডারের নতুন দাম

২০২৬ নভেম্বর ০৩ ১১:২৩:৩১
৫ থেকে ৪৫ কেজি— এলপিজি সিলিন্ডারের নতুন দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা করা হয়েছে। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।

সোমবার (২ নভেম্বর) বিইআরসি নতুন দাম ঘোষণা করে। নতুন সিদ্ধান্তে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে।

বিইআরসির নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮৪২ টাকা থেকে বাড়িয়ে ৯৪৪ টাকা করা হয়েছে। সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৯১৩ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৫ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ২৯৬ টাকা থেকে বেড়ে ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজির দাম ২ হাজার ৪৪৯ টাকা থেকে বেড়ে ২ হাজার ৭৮৭ টাকা এবং ১৮ কেজির দাম ২ হাজার ৭৫৫ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৯০ টাকা হয়েছে।

২০ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৬১ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৪৩৪ টাকা করা হয়েছে। ২২ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৩৬৭ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৭৭৭ টাকা এবং ২৫ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৮২৭ টাকা থেকে বেড়ে ৪ হাজার ২৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ৩০ কেজির সিলিন্ডারের দাম ৪ হাজার ৫৯২ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজির দাম ৫ হাজার ৫১ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৬৬৫ টাকা এবং ৩৫ কেজির দাম ৫ হাজার ৩৫৭ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৯ টাকা করা হয়েছে। সবচেয়ে বড় ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৬ হাজার ৮৮৮ টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ প্রতি কেজিতে ২৩ টাকা ৪৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। ডিস্ট্রিবিউটর চার্জ প্রতি কেজিতে ৭ টাকা ৮ পয়সা এবং রিটেইলার চার্জ প্রতি কেজিতে ৫ টাকা ৮৩ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া অটোগ্যাসের মজুতকরণ চার্জ প্রতি লিটারে ৫ টাকা ৫৯ পয়সা এবং স্টেশন চার্জ প্রতি লিটারে ৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তখন সিলিন্ডারটির দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা।

বাজারে এলপিজির সংকট এবং বাড়তি দামের অভিযোগের মধ্যেই এক মাসের ব্যবধানে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত এলো। নতুন এই মূল্যবৃদ্ধির ফলে বাসাবাড়িতে রান্নার কাজে এলপিজি ব্যবহারকারী গ্রাহকদের ব্যয় আরও বাড়বে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে