×
ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬

আট জীবন বিমায় অস্বস্তির চিত্র, ঘাটতি ও তহবিল সংকট

২০২৬ নভেম্বর ০২ ১৪:০৯:১৪
আট জীবন বিমায় অস্বস্তির চিত্র, ঘাটতি ও তহবিল সংকট

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বিমা খাতের ১৫টি কোম্পানি রয়েছে। এর মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত ১২টি কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ৮টি কোম্পানির আয়-ব্যয়ের ঘাটতি এবং কয়েকটি প্রতিষ্ঠানের জীবন বিমা তহবিল সংকোচনের চিত্র উঠে এসেছে। এর মধ্যে কয়েকটি কোম্পানির ঘাটতি আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। আবার কিছু প্রতিষ্ঠানের ঘাটতি কমলেও জীবন বিমা তহবিল কিংবা পরিচালন নগদ প্রবাহের পরিস্থিতিতে নেতিবাচক পরিবর্তন দেখা গেছে।

আর্থিক চাপে থাকা প্রতিষ্ঠানগুলো হলো- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স।

কোম্পানিগুলোর প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা যায়, পপুলার লাইফ ও প্রাইম ইসলামী লাইফের আয়-ব্যয়ের ঘাটতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। অন্যদিকে পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিল ঋণাত্মক অবস্থায় রয়েছে। সোনালী লাইফ আগের বছরের তৃতীয় প্রান্তিকের উদ্বৃত্ত থেকে চলতি বছরের একই সময়ে ঘাটতিতে নেমেছে। তবে মেঘনা লাইফ ও সন্ধানী লাইফের কয়েকটি সূচকে উন্নতি দেখা গেছে।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে আয়-ব্যয়ের ঘাটতি কমলেও জীবন বিমা তহবিল এবং শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহে অবনতি হয়েছে।

কোম্পানিটির জীবন বিমা রাজস্ব হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে বিমা দাবি ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় আয়ের তুলনায় ৩ কোটি ৪৫ লাখ ৮০ হাজার টাকা বেশি হয়েছে। আগের বছরের একই সময়ে এই ঘাটতি ছিল ৮ কোটি ৯৬ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকের ঘাটতি কমেছে ৫ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকা।

তবে কোম্পানিটির জীবন বিমা তহবিল কমেছে। গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে তহবিল দাঁড়িয়েছে ১ হাজার ৫১৬ কোটি ৬১ লাখ ১০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে তহবিল ছিল ১ হাজার ৫২৪ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে জীবন বিমা তহবিল কমেছে ৮ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

একই সঙ্গে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক অবস্থায় আরও নেমেছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ছিল ঋণাত্মক ১৬ টাকা ৭০ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ঋণাত্মক ১৩ টাকা ৫৯ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহে ৩ টাকা ১১ পয়সার অবনতি হয়েছে।

সানলাইফ ইন্স্যুরেন্স

সানলাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকের ঘাটতি বেড়েছে। তবে বছরের প্রথম নয় মাসের হিসাবে ঘাটতি কিছুটা কমেছে।

কোম্পানিটির জীবন বিমা রাজস্ব হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে আয়-ব্যয়ের ঘাটতি দাঁড়িয়েছে ২ কোটি ৪৭ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এই ঘাটতি ছিল ১ কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকের ঘাটতি বেড়েছে ৭৩ লাখ ১০ হাজার টাকা।

অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটির আয়-ব্যয়ের ঘাটতি হয়েছে ৬ কোটি ৪২ লাখ ১০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে ঘাটতি ছিল ৮ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকা। সেই হিসাবে নয় মাসের ঘাটতি কমেছে ১ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা।

তবে কোম্পানিটির জীবন বিমা তহবিলের পরিমাণ কমেছে। গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে তহবিল দাঁড়িয়েছে ৪৬ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে তহবিল ছিল ৪৮ কোটি ৪৫ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে জীবন বিমা তহবিল কমেছে ১ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকা।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকের ঘাটতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে বছরের প্রথম নয় মাসের হিসাবে ঘাটতি কমেছে এবং জীবন বিমা তহবিল বেড়েছে।

কোম্পানিটির সমন্বিত জীবন বিমা রাজস্ব হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে আয়-ব্যয়ের ঘাটতি হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে ঘাটতি ছিল ৪ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকের ঘাটতি বেড়েছে ৯ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকা।

তবে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটির সমন্বিত ঘাটতি দাঁড়িয়েছে ৬ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে ঘাটতি ছিল ৩১ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ নয় মাসের হিসাবে ঘাটতি কমেছে ২৪ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে সন্ধানী লাইফের জীবন বিমা তহবিল দাঁড়িয়েছে ৭০৬ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে তহবিল ছিল ৬৬২ কোটি ৭৪ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে তহবিলের নিট বৃদ্ধি হয়েছে ৪৩ কোটি ৮১ লাখ ৯০ হাজার টাকা।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক এবং বছরের প্রথম নয় মাস—উভয় সময়েই আয়-ব্যয়ের ঘাটতি বেড়েছে। তবে জীবন বিমা তহবিলের পরিমাণ সামান্য বৃদ্ধি পেয়েছে।

কোম্পানিটির জীবন বিমা রাজস্ব হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ঘাটতি দাঁড়িয়েছে ৬ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে ঘাটতি ছিল ২ কোটি ৮৯ লাখ ১০ হাজার টাকা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে ঘাটতি বেড়েছে ৩ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটির আয়-ব্যয়ের ঘাটতি হয়েছে ২১ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে ঘাটতি ছিল ১৭ কোটি ৭৯ লাখ ৮০ হাজার টাকা। সেই হিসাবে নয় মাসের ঘাটতি বেড়েছে ৩ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা।

তবে গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে কোম্পানিটির জীবন বিমা তহবিল দাঁড়িয়েছে ৪৭৮ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে তহবিল ছিল ৪৭৬ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক বছরের ব্যবধানে তহবিলের নিট বৃদ্ধি হয়েছে ২ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে উল্লেখযোগ্য নেতিবাচক পরিবর্তন দেখা গেছে। আগের বছরের একই সময়ে উদ্বৃত্ত থাকলেও চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি ঘাটতিতে পড়েছে। পাশাপাশি বছরের প্রথম নয় মাসের উদ্বৃত্ত এবং শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহও কমেছে।

কোম্পানিটির জীবন বিমা রাজস্ব হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে আয়-ব্যয়ের ঘাটতি হয়েছে ৪ কোটি ১ হাজার টাকা। অথচ আগের বছরের একই সময়ে কোম্পানিটির আয়-ব্যয়ের উদ্বৃত্ত ছিল ১৮ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফলে ২২ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকার নেতিবাচক পরিবর্তন এসেছে।

অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটির আয়-ব্যয়ের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ২৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এই উদ্বৃত্ত ছিল ৯১ কোটি ১৬ লাখ ১০ হাজার টাকা। অর্থাৎ নয় মাসের হিসাবে উদ্বৃত্ত কমেছে ৬১ কোটি ৪৭ লাখ টাকা।

তবে কোম্পানিটির জীবন বিমা তহবিল বেড়েছে। গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে তহবিল দাঁড়িয়েছে ৯২৫ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে তহবিল ছিল ৮৯৬ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা। প্রকাশিত তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে তহবিলের নিট বৃদ্ধি হয়েছে ২৯ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা।

এদিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহেও বড় ধরনের অবনতি হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ হয়েছে ঋণাত্মক ৪ টাকা ৭৯ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ধনাত্মক ৭ টাকা ৯৫ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহে ১২ টাকা ৭৪ পয়সার নেতিবাচক পরিবর্তন এসেছে।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রকাশিত আর্থিক প্রতিবেদনে তৃতীয় প্রান্তিকের ঘাটতি অস্বাভাবিক হারে বেড়েছে। একই সঙ্গে বছরের প্রথম নয় মাসের ঘাটতি বৃদ্ধি এবং জীবন বিমা তহবিল কমে যাওয়ার চিত্র উঠে এসেছে।

কোম্পানিটির জীবন বিমা রাজস্ব হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে আয়-ব্যয়ের ঘাটতি দাঁড়িয়েছে ৬০ কোটি ৭৮ লাখ ৯০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এই ঘাটতি ছিল ৭ কোটি ৪ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকের ঘাটতি বেড়েছে ৫৩ কোটি ৭৪ লাখ ৭০ হাজার টাকা।

অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটির আয়-ব্যয়ের ঘাটতি হয়েছে ১২০ কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে ঘাটতি ছিল ১০২ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ নয় মাসের হিসাবে ঘাটতি বেড়েছে ১৮ কোটি ৫০ লাখ টাকা।

একই সঙ্গে কোম্পানিটির জীবন বিমা তহবিলও সংকুচিত হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে তহবিল দাঁড়িয়েছে ৬১৯ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে তহবিল ছিল ৬৪৭ কোটি ৭ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে জীবন বিমা তহবিল কমেছে ২৭ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে উঠে এসেছে ঋণাত্মক জীবন বিমা তহবিল। পাশাপাশি আগের বছরের তৃতীয় প্রান্তিকের উদ্বৃত্ত থেকে চলতি বছরের একই সময়ে ঘাটতিতে নেমেছে কোম্পানিটি।

কোম্পানিটির জীবন বিমা রাজস্ব হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে আয়-ব্যয়ের ঘাটতি হয়েছে ৪ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা। অথচ আগের বছরের একই সময়ে কোম্পানিটির আয়-ব্যয়ের উদ্বৃত্ত ছিল ৪৯ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফলে ৪ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকার নেতিবাচক পরিবর্তন হয়েছে।

অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটির আয়-ব্যয়ের ঘাটতি দাঁড়িয়েছে ১২ কোটি ৭৪ লাখ ৩০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে ঘাটতি ছিল ১৪ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ নয় মাসের হিসাবে ঘাটতি কমেছে ১ কোটি ৩৩ লাখ ৬০ হাজার টাকা।

তবে কোম্পানিটির জীবন বিমা তহবিলের ঋণাত্মক অবস্থার আরও অবনতি হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে জীবন বিমা তহবিল দাঁড়িয়েছে ঋণাত্মক ৩৩২ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এই তহবিল ছিল ঋণাত্মক ৩০৬ কোটি ৫২ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে জীবন বিমা তহবিলের ঋণাত্মক ঘাটতি আরও ২৫ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা বেড়েছে।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের ঘাটতির চিত্র উঠে এসেছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিক ও বছরের প্রথম নয় মাস—উভয় সময়ের ঘাটতি আগের বছরের তুলনায় ব্যাপকভাবে বেড়েছে। একই সঙ্গে জীবন বিমা তহবিলও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।

কোম্পানিটির সমন্বিত জীবন বিমা রাজস্ব হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে আয়-ব্যয়ের ঘাটতি দাঁড়িয়েছে ১৩২ কোটি ৬ লাখ টাকা। আগের বছরের একই সময়ে ঘাটতি ছিল ১৮ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকের ঘাটতি বেড়েছে ১১৩ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা।

অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটির সমন্বিত আয়-ব্যয়ের ঘাটতি দাঁড়িয়েছে ১৪৪ কোটি ৪৭ লাখ ৯০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এই ঘাটতি ছিল ২৭ কোটি ১৩ লাখ টাকা। অর্থাৎ নয় মাসের হিসাবে ঘাটতি বেড়েছে ১১৭ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকা।

একই সঙ্গে কোম্পানিটির জীবন বিমা তহবিলেও বড় ধরনের পতন হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে পপুলার লাইফের জীবন বিমা তহবিল দাঁড়িয়েছে ১ হাজার ৩৮২ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে তহবিল ছিল ১ হাজার ৫৮১ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে জীবন বিমা তহবিল কমেছে ১৯৮ কোটি ৫৬ লাখ ৯০ হাজার টাকা।

তবে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহে উন্নতি হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ২১ টাকা ৮৫ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ১৯ টাকা ৩৩ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ বেড়েছে ২ টাকা ৫২ পয়সা।

সার্বিক পর্যালোচনা

আটটি জীবন বিমা কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সবকটি প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাবে ঘাটতি রয়েছে। তবে ঘাটতির পরিমাণ ও আর্থিক অবস্থার পরিবর্তন সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে একরকম নয়।

বিশেষ করে পপুলার লাইফ ও প্রাইম ইসলামী লাইফের ঘাটতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। পপুলার লাইফের নয় মাসের ঘাটতি ১৪৪ কোটি টাকা ছাড়িয়েছে। একই সময়ে প্রাইম ইসলামী লাইফের ঘাটতিও ১২০ কোটি টাকার বেশি হয়েছে।

অন্যদিকে পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিল ঋণাত্মক অবস্থায় থাকার পাশাপাশি এর পরিমাণ আরও বেড়েছে। মেঘনা লাইফ, সানলাইফ, প্রাইম ইসলামী লাইফ এবং পপুলার লাইফের জীবন বিমা তহবিলও আগের বছরের তুলনায় কমেছে।

তবে সন্ধানী লাইফ ও রূপালী লাইফের জীবন বিমা তহবিল বেড়েছে। মেঘনা লাইফের তৃতীয় প্রান্তিকের ঘাটতি এবং সানলাইফ, সন্ধানী লাইফ ও পদ্মা ইসলামী লাইফের নয় মাসের ঘাটতি আগের বছরের তুলনায় কমেছে। পাশাপাশি পপুলার লাইফের পরিচালন নগদ প্রবাহে উন্নতি হয়েছে।

সার্বিকভাবে প্রকাশিত আর্থিক তথ্য বলছে, এসব প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটির ঘাটতি ও তহবিলের পরিস্থিতি উদ্বেগজনক হলেও কিছু আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন রয়েছে। ফলে কোম্পানিগুলোর সামগ্রিক আর্থিক সক্ষমতা মূল্যায়নে আয়-ব্যয়ের ঘাটতি, জীবন বিমা তহবিল এবং পরিচালন নগদ প্রবাহের পরিবর্তন পৃথকভাবে বিবেচনা করা প্রয়োজন।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে