×
ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬

পোশাক খাতে সহিংস অসন্তোষ: জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

২০২৬ নভেম্বর ০১ ২০:০৯:৪৫
পোশাক খাতে সহিংস অসন্তোষ: জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে তৈরি পোশাকশিল্পে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্ভূত পরিস্থিতিতে রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে স্বরাষ্ট্র এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীসহ সরকারের নীতি-নির্ধারকদের নিয়ে এই উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে ঢাকার মিরপুর, গাজীপুরের কালিয়াকৈর, সাভার ও আশুলিয়া অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়লে নিরাপত্তাজনিত কারণে ওই সব এলাকার প্রায় ৩০০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধানে উঠে এসেছে, ঢাকা ও গাজীপুরের এই সহিংস বিক্ষোভের নেপথ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরাসরি সম্পৃক্ত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিত্রে দেখা যায়, গাজীপুরের কালিয়াকৈরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজমুল ইসলাম একটি সহিংস মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। এই ঘটনায় কালিয়াকৈর থেকে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৯ কর্মী-নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে রাজধানীর মিরপুরে সহিংসতার ঘটনায়ও এসব সংগঠনের আরও ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার সকাল নয়টা থেকেই ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ ও সহিংস বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ সময় যানবাহন চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও শ্রমিকদের হস্তক্ষেপে প্রায় দীর্ঘ ছয় ঘণ্টা পর বেলা তিনটার দিকে ওই মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে।

একই সময়ে মিরপুরেও তৈরি পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ জানান। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। সংঘাতের প্রভাব পড়ে মেট্রোরেল চলাচলেও; যাত্রীনিরাপত্তার স্বার্থে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত মিরপুর-১০, মিরপুর-১১ এবং পল্লবী স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

শিল্পাঞ্চলের এই অস্থিরতা ও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান জরুরি ভিত্তিতে মন্ত্রী ও উপদেষ্টাদের সাথে আলোচনায় বসেন। সূত্র মতে, সচিবালয়ের সেই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন। এর আগে দুপুরেও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর সাথে এক একক বৈঠকে চলমান অসন্তোষের সার্বিক অবস্থা তুলে ধরেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তিনি তার পূর্বনির্ধারিত সংযুক্ত আরব আমিরাত সফরও বাতিল করেন।

বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী পোশাক শ্রমিকদের বেতন পুনর্নির্ধারণে একটি নতুন 'মজুরি বোর্ড' গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, সংবাদমাধ্যম এবং মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলাপের ভিত্তিতে রোববারই যে মজুরি বোর্ড গঠন করা হবে, তা আগেই নিশ্চিত করা হয়েছিল। এর পরও সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা দুঃখজনক মন্তব্য করে তিনি আন্দোলনরত পোশাক শ্রমিকদের অনতিবিলম্বে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে