×
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ

২০২৬ সেপ্টেম্বর ২০ ১৯:২৬:৩২
২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ

নিজস্ব প্রতিবেদক: দেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্যের বাজার সম্প্রসারণ এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে এমইপি গ্রুপ। এই বিনিয়োগের আওতায় চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি আধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বা কারখানা স্থাপন করবে প্রতিষ্ঠানটি।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে নতুন কারখানায় বিনিয়োগের পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির খুচরা বিক্রেতা, পরিবেশক ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে বাজার সম্প্রসারণ ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে মতবিনিময়ও করা হয়।

এমইপি গ্রুপ জানিয়েছে, মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১০ একর জমির ওপর প্রস্তাবিত কারখানাটি নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে প্রায় ২০০ কোটি টাকা। নতুন কারখানাটি চালু হলে প্রতিষ্ঠানের সামগ্রিক উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি পণ্যের মান ও বৈচিত্র্য আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রস্তাবিত কারখানায় আধুনিক লাইটিং পণ্য, সুইচ-সকেট, সার্কিট ব্রেকার, ফ্যান এবং ক্যাবল বা তারসহ বিভিন্ন ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে। প্রযুক্তিনির্ভর এই উৎপাদন সুবিধার মাধ্যমে নতুন পণ্য উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের ইলেকট্রিক্যাল শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে অবদান রাখার প্রত্যাশা করছে এমইপি গ্রুপ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক। তিনি বলেন, এমইপি দীর্ঘদিন ধরে দেশে মানসম্পন্ন ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদন করে আসছে। প্রস্তাবিত বড় বিনিয়োগ ও আধুনিক কারখানা স্থাপনের উদ্যোগ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে।

এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি সংযোজন, নতুন পণ্য বাজারে আনা এবং বাজার সম্প্রসারণের দীর্ঘমেয়াদি পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নতুন কারখানাটি। রিটেইলার, ডিস্ট্রিবিউটার ও গ্রাহকদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করে দেশের ইলেকট্রিক্যাল পণ্যের বাজারে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

গ্রুপের পরিচালক শোকিল আলম চাকলাদার বলেন, পুরস্কার বিতরণের মাধ্যমে ব্যবসায়িক অংশীদারদের দীর্ঘদিনের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। নতুন কারখানার পণ্য বাজারে আসার পর ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে নিয়ে বাজার সম্প্রসারণ এবং শক্তিশালী বিতরণ ও বিপণন নেটওয়ার্ক গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ব্যবসায়িক অর্জনের স্বীকৃতি হিসেবে ৮০ জন বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর এবং ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। পাশাপাশি এমইপির বিভিন্ন পণ্যের প্রদর্শনী এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অংশীদার ও গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিক প্রস্তুতির অংশ হিসেবেই এ আয়োজন করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে