×
ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

পে-স্কেল কার্যকর হলে যে সুবিধা আর পাবেন না সরকারি চাকরিজীবীরা

২০২৬ সেপ্টেম্বর ১৬ ১২:৩১:১৩
পে-স্কেল কার্যকর হলে যে সুবিধা আর পাবেন না সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক: নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের জন্য চালু করা বিশেষ প্রণোদনা বাতিল হচ্ছে। ২০২৪ সালে সরকারি কর্মচারীদের জন্য এই প্রণোদনা চালু করা হয়। শুরুতে মূল বেতনের ৫ শতাংশ হারে দেওয়া হলেও পরে তা বাড়িয়ে ১০ শতাংশ করা হয়। নতুন বেতন কাঠামো কার্যকর হলে এই অতিরিক্ত সুবিধা আর থাকছে না।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ভাতা ও সুবিধার কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে। একই সঙ্গে উচ্চতর গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্টের হারও কমানোর প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে সরকারি চাকরিজীবীদের সব গ্রেডে মূল বেতনের ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হয়। নতুন কাঠামোয় গ্রেডভেদে এই হার আলাদা করা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, গ্রেড-২০ থেকে গ্রেড-৬ পর্যন্ত ইনক্রিমেন্টের হার ৫ শতাংশ রাখা হবে। গ্রেড-৫-এ ৪ শতাংশ, গ্রেড-৪ ও ৩-এ ৩ দশমিক ৫ শতাংশ এবং গ্রেড-২-এ ২ দশমিক ৭৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব রয়েছে।

সশস্ত্র বাহিনীতেও একই ধরনের কাঠামো অনুসরণের প্রস্তাব করা হয়েছে। ক্যাপ্টেন ও সমতুল্য এবং তার নিচের পদে ৫ শতাংশ, মেজর পদে ৪ শতাংশ, লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেল পদে ৩ দশমিক ৫ শতাংশ এবং ব্রিগেডিয়ার জেনারেল ও সমপদে ২ দশমিক ৭৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়ার কথা রয়েছে।

নতুন বেতন কাঠামোয় বর্তমানে বিদ্যমান ২০টি গ্রেডই রাখা হয়েছে। তবে বিভিন্ন গ্রেডে মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এতে গ্রেড-২০-এর প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং গ্রেড-১-এর নির্ধারিত বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা ও মোবাইল ভাতাসহ বিভিন্ন সুবিধাতেও পরিবর্তন আনা হচ্ছে। ঢাকা সিটি করপোরেশন এলাকায় বর্তমানে মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়ি ভাতা দেওয়া হলেও নতুন কাঠামোয় তা ৪০ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তবে মূল বেতন বাড়ার কারণে শতাংশের হার কমলেও অনেক ক্ষেত্রে ভাতার প্রকৃত টাকার পরিমাণ বাড়তে পারে।

চিকিৎসা ভাতাও বাড়ানোর প্রস্তাব রয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, ৫০ বছর পর্যন্ত বয়সী সরকারি চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর পর্যন্ত বয়সীরা ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা পেতে পারেন। পেনশনভোগীদের মধ্যে ৬০ থেকে ৭০ বছর বয়সীদের ৫ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সীদের ৬ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে।

এ ছাড়া প্রথমবারের মতো সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য মোবাইল ভাতার ব্যবস্থা করার প্রস্তাব করা হয়েছে। প্রথম থেকে পঞ্চম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা মাসে ৫০০ টাকা এবং ষষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ১৫০ টাকা মোবাইল ভাতা পেতে পারেন।

নতুন কাঠামোয় আরও কয়েকটি ছোট ভাতা বাড়ানোর প্রস্তাব রয়েছে। এর মধ্যে যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে ৬০০ টাকা, টিফিন ভাতা ২০০ টাকা থেকে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ টাকা থেকে ৩০০ টাকা করার প্রস্তাব রয়েছে। তবে বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশাবলি-২০২৬ অনুমোদন করা হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, নতুন বেতন কাঠামোর আওতায় প্রায় ২৪ লাখ সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হতে পারেন। নতুন পে-স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হিসেবে ধরা হলেও আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

ফলে নতুন পে-স্কেলে মূল বেতন ও কিছু ভাতা বাড়লেও ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনা আর থাকছে না। পাশাপাশি ইনক্রিমেন্টের হার ও বিভিন্ন ভাতার কাঠামোয় পরিবর্তনের কারণে সরকারি চাকরিজীবীদের সামগ্রিক বেতন-সুবিধার হিসাবেও নতুন কাঠামো অনুযায়ী পরিবর্তন আসবে।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে