×
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস নিয়ে বড় সুখবর, জাতীয় গ্রিডে পেট্রোবাংলার নতুন রেকর্ড

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৭:৪৩:০৯
গ্যাস নিয়ে বড় সুখবর, জাতীয় গ্রিডে পেট্রোবাংলার নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: এলএনজি সরবরাহ বাড়ায় দেশে গ্যাস পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ বেড়ে ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুটে (এমএমসিএফডি) দাঁড়িয়েছে। সাম্প্রতিক দুর্ঘটনার আগে জাতীয় গ্রিডে যে পরিমাণ গ্যাস সরবরাহ ছিল, বর্তমান সরবরাহ তার কাছাকাছি পৌঁছেছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত জাতীয় গ্রিডে সরবরাহ করা মোট গ্যাসের মধ্যে ১ হাজার ৬২০ মিলিয়ন ঘনফুট এসেছে দেশের নিজস্ব গ্যাসক্ষেত্রগুলো থেকে। আর আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা আরএলএনজি থেকে এসেছে ৯৯০ মিলিয়ন ঘনফুট।

এর আগের দিন সোমবার রাত থেকেই এলএনজি সরবরাহ বাড়তে শুরু করায় জাতীয় গ্রিডে গ্যাসের সামগ্রিক পরিস্থিতির উন্নতি হয়। ১৪ সেপ্টেম্বর রাত ১০টায় জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৫৮২ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাস ছিল ১ হাজার ৬০২ মিলিয়ন ঘনফুট এবং আরএলএনজি ছিল ৯৮০ মিলিয়ন ঘনফুট।

এদিকে একই দিন রাত ৮টায় জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৩৬২ মিলিয়ন ঘনফুট। ওই সময় আরএলএনজি থেকে সরবরাহ করা হয়েছিল ৭৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস। কয়েক ঘণ্টার ব্যবধানে এলএনজি সরবরাহ বাড়ায় জাতীয় গ্রিডে মোট গ্যাসের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সম্প্রতি এক্সিলারেট এনার্জির পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে দুর্ঘটনার কারণে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ ব্যাপকভাবে কমে যায়। এর প্রভাব পড়ে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ ব্যবস্থায়। বর্তমান সরবরাহের পরিমাণ ওই দুর্ঘটনার আগের অবস্থার কাছাকাছি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গত ২১ জুলাই মহেশখালীতে জাহাজ থেকে জাহাজে এলএনজি স্থানান্তরের সময় এক্সিলারেট পরিচালিত এফএসআরইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কয়েক সপ্তাহ টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এতে দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে।

পরবর্তীতে আগস্টে এফএসআরইউটি ধীরে ধীরে পুনরায় কার্যক্রম শুরু করে। তবে ১৯ আগস্ট এলএনজির মজুত শেষ হয়ে যাওয়ায় টার্মিনালটির সরবরাহ আবারও ব্যাহত হয়। এর ফলে জাতীয় গ্রিডে দৈনিক মোট গ্যাস সরবরাহ কমে প্রায় ২ হাজার ১৮৫ মিলিয়ন ঘনফুটে নেমে আসে।

এরপর ২২ আগস্ট টার্মিনালটি থেকে আবার গ্যাস সরবরাহ শুরু হয়। প্রাথমিক পর্যায়ে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল। ধীরে ধীরে এলএনজি সরবরাহ বাড়ায় বর্তমানে জাতীয় গ্রিডে গ্যাসের মোট সরবরাহ ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুটে পৌঁছেছে।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে