×
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ডলারের দাম ঠেকাতে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১০:২৬:৪১
ডলারের দাম ঠেকাতে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক: ডলারের বিনিময় হারের সাম্প্রতিক ঊর্ধ্বগতি ঠেকাতে প্রথমবারের মতো উন্মুক্ত নিলামের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। ২ কোটি ডলার বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে নিলাম আয়োজন করা হলেও ছয়টি ব্যাংকের কাছে মোট ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করা হয়েছে।

নিলামে প্রতি ডলারের দাম ছিল ১২২ টাকা ৮০ পয়সা থেকে ১২৩ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ৫৮ শতাংশ ডলার বিক্রি করতে পেরেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ব্যাংকগুলোর তুলনামূলক কম চাহিদার বিষয়টিও সামনে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ডলারের বিনিময় হার যাতে আরও বেড়ে না যায়, সে জন্য বাজারে হস্তক্ষেপ হিসেবে এই ডলার বিক্রি করা হয়েছে। একই সঙ্গে এর মাধ্যমে বাজারে একটি বার্তাও দেওয়া হয়েছে—চাহিদার চাপের কারণে ডলারের দাম বেড়ে গেলে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে বাজারে ডলার সরবরাহ করতে পারে। আবার বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়লে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনতেও পারে।

এর আগে ২০২২ সালের মাঝামাঝি বৈদেশিক মুদ্রার সংকট শুরু হলে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছিল। তবে সে সময় উন্মুক্ত নিলামের পরিবর্তে নির্দিষ্ট প্রয়োজন মেটাতে বাছাই করা কয়েকটি ব্যাংকের কাছে সরাসরি ডলার বিক্রি করা হতো।

ব্যাংকারদের মতে, আগের পদ্ধতিতে কোন ব্যাংক ডলার পাবে, তা কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করত। ফলে বাজারভিত্তিক প্রতিযোগিতার সুযোগ কম ছিল। এবার উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দর প্রস্তাবকারী ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করা হয়েছে।

এদিকে এলসি নিষ্পত্তির ক্ষেত্রে ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ৪৫ পয়সায় ওঠার সময়েই কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে। এর আগে বৃহস্পতিবার এলসি নিষ্পত্তিতে ডলারের দাম ছিল ১২৩ টাকা ১০ পয়সা। তার আগের সপ্তাহে তা ছিল ১২৩ টাকার নিচে।

নতুন এই নিলাম পদ্ধতি হওয়ায় অনেক ব্যাংক হয়তো পুরোপুরি অংশ নিতে পারেনি বলে মনে করছেন কয়েকজন ব্যাংকার। তাদের ভাষ্য, নিলামের বিষয়ে ব্যাংকগুলোকে দুপুর ১টার পর জানানো হয়েছিল। এর আগেই অনেক ব্যাংক দৈনন্দিন লেনদেন ও প্রয়োজনীয় পরিশোধের জন্য ডলারের ব্যবস্থা করে ফেলেছিল। ফলে ভবিষ্যতের নিলামে ব্যাংকগুলোর অংশগ্রহণ আরও বাড়তে পারে।

এর আগে চলতি মাসের শুরুতে চারটি ব্যাংকের কাছ থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে মোট ৫ কোটি ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। এতদিন রিজার্ভ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক মূলত বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কিনে আসছিল। এবারই প্রথম নিলামের মাধ্যমে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করা হলো।

কেন্দ্রীয় ব্যাংকের এই হস্তক্ষেপের পর বাজারে ডলারের দাম কিছুটা কমতে পারে বলে মনে করছেন ব্যাংকাররা। নিলামের আগে কয়েকটি রেমিট্যান্স হাউস ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার ১২৩ টাকা ৪০ পয়সা দরে বিক্রির প্রস্তাব দেয়। পরে তারা দাম বাড়িয়ে ১২৩ টাকা ৬০ পয়সা দাবি করে। তবে কয়েকটি ব্যাংক ওই বাড়তি দামে ডলার কিনতে রাজি হয়নি।

ব্যাংকারদের মতে, রেমিট্যান্স হাউসগুলোর বাড়তি দর চাওয়ার কারণে ডলারের বাজারে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছিল। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক ১২২ টাকা ৮০ পয়সা থেকে ১২৩ টাকা ৩৫ পয়সা দরে ডলার সরবরাহ করায় বাজারে চাপ কিছুটা কমতে পারে।

তাদের ধারণা, কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহের কারণে রেমিট্যান্স হাউসগুলোর পক্ষে প্রতি ডলার ১২৩ টাকা ৬০ পয়সা দর ধরে রাখা কঠিন হতে পারে। এতে এলসি নিষ্পত্তি ও রেমিট্যান্স—দুই ক্ষেত্রেই ডলারের দাম কিছুটা কমার সম্ভাবনা তৈরি হয়েছে।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে