×
ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১৯:১৮:৫৩
দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশের বিমা খাতে গ্রাহকদের প্রায় ৭ হাজার কোটি টাকার দাবি অপরিশোধিত রয়েছে বলে জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। বর্তমানে সামগ্রিকভাবে বিমা দাবি নিষ্পত্তির হার ৫৭ শতাংশ। এই হার অন্তত ৭৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থাটি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আইডিআরএর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান আইডিআরএ চেয়ারম্যান। বিমা কোম্পানির সম্পদ বিক্রি করে দ্বিতীয় দফায় গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধের কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মীর নাদিয়া নিভিন বলেন, বকেয়া বিমা দাবি পরিশোধের বিষয়টি আইডিআরএ দুই ধরনের কৌশলে মোকাবিলা করছে। এর একটি হলো বিভিন্ন বিমা কোম্পানির সঙ্গে নিয়মিত বৈঠকের মাধ্যমে দাবি পরিশোধে বিদ্যমান বাধা ও পরিপালনসংক্রান্ত বিষয়গুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া। অন্যদিকে সংকটে থাকা কয়েকটি কোম্পানিকে আলাদাভাবে তদারকির আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে বিমা খাতে দাবি নিষ্পত্তির হার ৫৭ শতাংশ। কোনো শিল্প খাতে দাবি নিষ্পত্তির হার যখন ৫৭ শতাংশ থাকে, তখন সেখানে বকেয়া দাবির পরিমাণ স্বাভাবিকভাবেই বেশি থাকে। আইডিআরের হিসাবে পুরো বিমা খাতে প্রায় ৭ হাজার কোটি টাকা দাবি বকেয়া রয়েছে।

আইডিআরএ চেয়ারম্যান আরও বলেন, বকেয়া দাবি নিষ্পত্তির জন্য বিভিন্ন বিমা কোম্পানির সঙ্গে এককভাবে ‘গভর্ন্যান্স রিভিউ মিটিং’ করা হচ্ছে। এসব বৈঠকে কোনো কোম্পানি কেন গ্রাহকদের দাবি পরিশোধ করতে পারছে না কিংবা কোন ধরনের সমস্যার কারণে দাবিগুলো আটকে আছে, সেসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে।

কিছু কোম্পানির ক্ষেত্রে আনুষঙ্গিক ও পরিপালনসংক্রান্ত সমস্যাও রয়েছে বলে জানান তিনি। এসব সমস্যা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও জানান আইডিআরএ চেয়ারম্যান।

তিনি বলেন, সংকটে থাকা সাত-আটটি কোম্পানিকে আলাদাভাবে বিবেচনায় নিয়ে কাজ করা হচ্ছে। তবে আইডিআরের নজরদারি শুধু এসব কোম্পানির মধ্যেই সীমাবদ্ধ নেই। পুরো বিমা খাতে দাবি নিষ্পত্তির পরিস্থিতির উন্নতির জন্য একটি সামগ্রিক পদ্ধতি গ্রহণ করা হয়েছে।

মীর নাদিয়া নিভিন জানান, দেশের ৮২টি বিমা কোম্পানির মধ্যে জীবন বিমার প্রায় আটটি কোম্পানি বাদ দিলে বাকি প্রায় ৭২টি কোম্পানির কার্যক্রমও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব কোম্পানির মধ্যে যেগুলো মাঝারি মাত্রার সমস্যার মধ্যে রয়েছে, সেগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করা হচ্ছে। পাশাপাশি কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা পর্যালোচনার পাশাপাশি গ্রাহকদের দাবি দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় তাগিদ দেওয়া হচ্ছে।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, সামগ্রিকভাবে দাবি নিষ্পত্তির হার ৫৭ শতাংশ থেকে অন্তত ৭৫ শতাংশে উন্নীত করাই তাদের প্রধান লক্ষ্য। খাতভিত্তিকভাবে অন্তত ৭৫ শতাংশ দাবি নিষ্পত্তি করা সম্ভব হলে বিমা খাত একটি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারবে বলে তিনি মনে করেন।

এদিকে, দীর্ঘদিন ধরে অপরিশোধিত থাকা বিমা দাবি নিষ্পত্তির ধারাবাহিকতায় সোমবার দ্বিতীয় দফায় পাঁচটি বিমা কোম্পানির ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীর দাবি পরিশোধ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ দফায় মোট ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকার অপরিশোধিত বিমা দাবি পরিশোধ করা হবে।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী এক সপ্তাহের মধ্যে পাঁচটি কোম্পানির সারাদেশের পলিসিধারীদের দাবির বিপরীতে এসব অর্থ পরিশোধ করা হবে। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা বৈধ বিমা দাবি নিষ্পত্তির পাশাপাশি পলিসিধারীদের আস্থা পুনর্গঠনের ক্ষেত্রেও আরও একটি পদক্ষেপ নেওয়া হলো।

আইডিআরের পক্ষ থেকে বলা হয়েছে, বিমা খাতে দীর্ঘদিন ধরে অপরিশোধিত থাকা বৈধ দাবি দ্রুত নিষ্পত্তি এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে বিমা কোম্পানিগুলোর সক্ষমতা ও বিদ্যমান সমস্যাগুলো আলাদাভাবে বিবেচনায় নিয়ে দাবি পরিশোধের হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আইডিআরএ জানিয়েছে, দ্বিতীয় দফায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৩ হাজার ৬০০ জন পলিসিধারীর ১২ কোটি টাকা পরিশোধ করা হবে। হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের এক হাজার ১৪৫ জন পলিসিধারী পাবেন ৪ কোটি ৯৮ লাখ ৮ হাজার ৫১৪ টাকা।

এছাড়া ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫৮০ জন পলিসিধারীর ৫ কোটি টাকা, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের ৩০০ জন পলিসিধারীর ৫৫ লাখ ৩০ হাজার টাকা এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ২৪৩ জন পলিসিধারীর ৫০ লাখ ১৮ হাজার ৪৫৭ টাকা পরিশোধ করা হবে।

সব মিলিয়ে দ্বিতীয় দফায় পাঁচটি বিমা কোম্পানির ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীর মোট ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকার বিমা দাবি নিষ্পত্তি করা হচ্ছে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর আইডিআরের উদ্যোগে প্রথম দফায় সাতটি জীবন বিমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীর বিমা দাবি পরিশোধ করা হয়। ওই দফায় মোট ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হয়েছিল।

দুই দফা মিলিয়ে এখন পর্যন্ত মোট ৮ হাজার ৪১৭ জন পলিসিধারীর ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা ৫৮ পয়সার বিমা দাবি পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে