×
ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১১:১০:৪০
ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ

নিজস্ব প্রতিবেদক: ইরান থেকে আমদানি করা সব ধরনের পণ্য ও সামগ্রী দেশে প্রবেশ এবং বাজারে বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। রোববার (১৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা এ তথ্য জানিয়েছে।

ইয়েমেনের আমদানি নিয়ন্ত্রণ ও অর্থায়নবিষয়ক জাতীয় কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও কমিটির প্রধান আহমেদ গালেব।

কমিটি জানিয়েছে, দেশের জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে ইরানি পণ্য নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

তবে এই নিষেধাজ্ঞা ঠিক কবে থেকে কার্যকর হবে এবং ইরান থেকে আমদানি করা কোন কোন পণ্যের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ইয়েমেন সরকার ও ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের সংঘাতের মধ্যেই এমন সিদ্ধান্ত এলো। ইয়েমেন সরকার হুথিদের সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে ইরানকে দায়ী করে আসছে। তবে তেহরান এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা এবং দেশের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেয়। এর পর থেকেই দেশটিতে রাজনৈতিক ও সামরিক সংঘাত আরও জটিল হয়ে ওঠে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থন করে আসছে।

২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক বছর তুলনামূলকভাবে উত্তেজনা কম ছিল। তবে চলতি বছরের জুলাই থেকে ইয়েমেনের বিভিন্ন পক্ষের মধ্যে আবারও সংঘাত ও উত্তেজনা বেড়েছে।

এই পরিস্থিতিতে ইরানি পণ্যের ওপর ইয়েমেন সরকারের নতুন নিষেধাজ্ঞাকে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন এবং ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাতের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে