ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬

ল্যাব পরীক্ষায় ধরা পড়ল ত্রুটি, নিষিদ্ধ ৮ ধরণের পণ্য

২০২৬ জুলাই ২০ ২১:১২:৫৯
ল্যাব পরীক্ষায় ধরা পড়ল ত্রুটি, নিষিদ্ধ ৮ ধরণের পণ্য

নিজস্ব প্রতিবেদক: মানদণ্ডে উত্তীর্ণ হতে না পারায় চারটি প্রতিষ্ঠানের আটটি পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ল্যাবরেটরি পরীক্ষায় এসব পণ্যে অতিরিক্ত প্রিজারভেটিভ, ক্ষতিকর অণুজীবের উপস্থিতি এবং নির্ধারিত মানের তুলনায় উপাদানের ঘাটতি ধরা পড়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, জনস্বার্থ ও ভোক্তা সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট পণ্যগুলোর উৎপাদন, বিক্রি ও বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বাজারে থাকা পণ্য দ্রুত প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রত্যাহারের তালিকায় রয়েছে ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেসের ‘আমের আচার’, যেখানে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি প্রিজারভেটিভ পাওয়া গেছে। এছাড়া কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের ‘রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট আইসক্রিমে’ অনুমোদিত সীমার চেয়ে বেশি টোটাল মিল্ক সলিড নন-ফ্যাট শনাক্ত হয়েছে।

অন্যদিকে অলিভ বাংলাদেশের লাবণ্য ব্র্যান্ডের চারটি প্রসাধনী—‘মিল্ক স্কিন লোশন’, ‘অ্যালোভেরা স্কিন লোশন’, ‘ফেসওয়াশ মোরিংগা+মাচা ফোমিং মিল্ক’ এবং ‘অ্যালোভেরা শ্যাম্পু’—পরীক্ষায় ক্ষতিকর অণুজীবের উপস্থিতি ধরা পড়েছে। এছাড়া ডেকো ফুডসের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ‘ম্যাঙ্গো’ ও ‘অরেঞ্জ’ সফট ড্রিংক পাউডারে’ নির্ধারিত মানের তুলনায় ভিটামিন ‘সি’-এর ঘাটতি পাওয়া গেছে।

বিএসটিআই জানিয়েছে, সংশ্লিষ্ট পণ্যগুলোর লাইসেন্স নবায়ন বা নতুন করে অনুমোদন না পাওয়া পর্যন্ত সেগুলোর উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে এসব পণ্য দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএসটিআইর মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, নিরাপদ ও মানসম্মত পণ্য পাওয়া ভোক্তাদের মৌলিক অধিকার। তাই পণ্য কেনার আগে বিএসটিআইর মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পাশাপাশি ভেজাল বা নিম্নমানের কোনো পণ্যের তথ্য পাওয়া গেলে দ্রুত বিএসটিআইকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে