ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬

‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’

২০২৬ জুলাই ০৮ ২০:১০:৫৯
‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গের বারুইপুরে এক মুসলিম কন্যাশিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যে বিতর্কিত মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ।

তিনি দাবি করেন, আক্রান্ত শিশুটি মুসলিম হওয়ায় ঘটনাটি নিয়ে ব্যাপক আন্দোলন হচ্ছে। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে আন্দোলন বা প্রতিবাদের ধরন অনেক সময় আক্রান্ত ব্যক্তির পরিচয়ের ওপর নির্ভর করে।

তার অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ঘটনা ঘটলে রাজনৈতিক নেতারা দ্রুত আন্দোলনে নামেন। কিন্তু হিন্দু নারী বা বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায় একই ধরনের প্রতিবাদ দেখা যায় না।

বিরোধী দলগুলোর সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, অতিরিক্ত ‘ড্রামা’ না করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে।তিনি দাবি করেন, বর্তমানে রাজ্যের পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সক্ষম এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানে।

দিলীপ ঘোষ অভিযোগ করেন, তৃণমূল পরিচালিত অনেক পঞ্চায়েতের জনপ্রতিনিধি নিয়মিত অফিসে যাচ্ছেন না।তিনি বলেন, জনপ্রতিনিধিদের কাজে ফিরতে হবে, অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও করেন দিলীপ ঘোষ।তিনি অভিযোগ করেন, নির্যাতিতার মায়ের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করা সুপ্রিম কোর্টের নির্দেশনা ও জাতীয় মহিলা কমিশনের নীতিমালার পরিপন্থী।

এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আন্দোলনের সময় সহিংসতার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

তিনি বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্রায় ২০০ জনকে শনাক্ত করা হয়েছে। পাশাপাশি উসকানিদাতাদেরও চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেন।

শুভেন্দু অধিকারীর অভিযোগ, সাম্প্রতিক সহিংসতার পেছনে রাজনৈতিক প্ররোচনা রয়েছে। এ ঘটনায় আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে গিয়ে তিনি খোঁজও নেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে