ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তাকে সরাল ফিফা

২০২৬ জুলাই ০৮ ১১:৪০:১১
যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তাকে সরাল ফিফা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন দলের ম্যানেজার স্যাম জাপাটকা এবং ইউএস সকার ফেডারেশনের নিরাপত্তাবিষয়ক সহসভাপতি ফ্র্যাঙ্ক প্যানেল।

ফিফার ডিসিপ্লিনারি তালিকায় তাদের নাম প্রকাশের পর বিষয়টি সামনে আসে। তবে সংস্থাটি এখন পর্যন্ত বরখাস্তের নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচের পর ফিফার ম্যাচ প্রোটোকল লঙ্ঘন এবং অননুমোদিত এলাকায় প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, অনেক বিশ্লেষকের ধারণা, ওই ম্যাচে লাল কার্ড পাওয়া যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতির সঙ্গে ঘটনাটির সম্পর্ক থাকতে পারে। বহিষ্কারের পরও বালোগুন মাঠে ফিরে সতীর্থদের সঙ্গে উদযাপন করেছিলেন, যা ফিফার নিয়মের পরিপন্থী।

তবে ইউএস সকার ফেডারেশন জানিয়েছে, দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের সঙ্গে বালোগুনের নিষেধাজ্ঞা বা তাকে বেলজিয়ামের বিপক্ষে খেলানোর কোনো সম্পর্ক নেই।

ফেডারেশন বরখাস্তের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি। তাদের ভাষ্য, বিষয়টি পুরোপুরি ফিফার এখতিয়ারভুক্ত। অন্যদিকে, ফিফাও এ নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, স্যাম জাপাটকা ২০১৫ সাল থেকে ইউএস সকার ফেডারেশনের সঙ্গে যুক্ত এবং ২০২০ সাল থেকে দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, ফ্র্যাঙ্ক প্যানেল নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ও সিআইএতে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে