ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

‘কিচেন কেবিনেট’ বিতর্কে মুখ খুললেন আসিফ মাহমুদ

২০২৬ মে ২৬ ২২:০২:০৯
‘কিচেন কেবিনেট’ বিতর্কে মুখ খুললেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ‘কিচেন কেবিনেট’ বা প্রভাবশালী অভ্যন্তরীণ চক্র নিয়ে করা মন্তব্যের পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন সাবেক স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (২৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন, এই কথিত কিচেন কেবিনেটের সাথে তার কোনো রকম সম্পৃক্ততা ছিল না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অন্তর্বর্তী সরকারের ভেতরে একটি প্রভাবশালী চক্র সক্রিয় থাকার কথা প্রকাশ্যে আনেন। এই মন্তব্যকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও বিতর্কের ঝড় ওঠে, যেখানে অনেক মহলের আঙুল ওঠে ছাত্রনেতা থেকে উপদেষ্টার চেয়ারে বসা আসিফ মাহমুদের দিকে। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সেই সমস্ত অভিযোগ ও ইঙ্গিতকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

একই সংবাদ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হওয়া বিতর্কিত বাণিজ্য চুক্তির প্রসঙ্গেও নিজের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন এই যুব নেতা। তিনি স্পষ্ট করে বলেন, এই স্পর্শকাতর চুক্তির বিষয়ে তাদের দল এনসিপির সাথে কোনো ধরনের আলাপ-আলোচনা বা নীতিনির্ধারণী পরামর্শ করা হয়নি।

আসিফ মাহমুদের দাবি, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মূলত বিএনপির রাজনৈতিক ইশারাতেই এই চুক্তির দায়ভার বিগত অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপাচ্ছেন। এই চুক্তিটি সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি চাইলে এখন এই চুক্তির শর্তগুলো সংশোধন কিংবা এটি সম্পূর্ণ বাতিল করতে পারে; কারণ যুক্তরাষ্ট্রের সাথে বিশ্বের বহু দেশই এর আগে চুক্তি বাতিল করেছে।

রাজনীতি ও কূটনীতির মাঠ পেরিয়ে দেশের ক্রিকেট প্রশাসন নিয়েও চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই ক্রীড়া উপদেষ্টা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ তোলেন যে, এবারের বিসিবি নির্বাচনে কেউ নিজের মেধা বা যোগ্যতার জোরে কাউন্সিলর হতে পারেননি, বরং প্রত্যেকেই এসেছেন পারিবারিক বা বাবার পরিচয়ের সুবাদে।

দেশের ক্রীড়া খাতকে বিএনপি পুরোপুরি ‘পরিবারকরণ’ করে ফেলেছে বলে দাবি করেন আসিফ মাহমুদ। তিনি যোগ করেন, তাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদে শুধুমাত্র যোগ্য এবং ক্রীড়াপ্রেমী ব্যক্তিদেরই যাচাই-বাছাই করে বিসিবির কাউন্সিলর পদে বসানো হয়েছিল।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে