ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি নিয়ে বিতর্ক, যা বললেন খামার মালিক

২০২৬ মে ২৬ ১০:৩১:৫৮
‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি নিয়ে বিতর্ক, যা বললেন খামার মালিক

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে আলোচনায় আসা এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পকে’ জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানিয়েছে নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্ম।

সোমবার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় অবস্থিত খামার থেকে মহিষটি ক্রেতার কাছে হস্তান্তর করা হয়। পরে ক্রেতা ও তার সহযোগীরা মহিষটিকে ঢাকায় নিয়ে যান।

খামার সূত্রে জানা যায়, বিদায়ের আগে মহিষটিকে গোসল করানো হয় এবং বিশেষ সাজে সাজানো হয়। লাল গালিচায় হাঁটিয়ে, রঙিন স্মোক শো ও স্লোগানের মধ্য দিয়ে ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিদায় জানান খামারের কর্মী ও মালিকপক্ষ। এ সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, “দীর্ঘদিন ধরে যত্নে লালন-পালন করায় প্রাণীটির সঙ্গে আবেগ তৈরি হয়েছিল। তবে কোরবানির জন্য বিক্রি হওয়ায় আমরা সন্তুষ্ট।”

রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা ও মহিষটির ক্রেতা সামির বলেন, “কোরবানির পশুটি এভাবে বিশ্বজুড়ে আলোচনায় আসবে, তা কল্পনাও করিনি।”

খামার কর্তৃপক্ষ জানায়, গত বছরের কোরবানির ঈদের পর রাজশাহীর একটি পশুর হাট থেকে গোলাপি রঙের এলভিনো জাতের মহিষটি কেনা হয়। প্রায় চার বছর বয়সী মহিষটির ওজন প্রায় ৬৯০ কেজি। লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে এটি বিক্রি করা হয়েছে।

মহিষটির চুল ও চোখের গঠন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিছুটা মিল থাকায় খামার মালিকের ছোট ভাই শখ করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

মহিষটিকে নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এটি সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। পরে রয়টার্স, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোরসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি উঠে আসে। এর পর থেকেই খামারটিতে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে।

তবে এর আগে খামার মালিক জিয়া উদ্দিন দাবি করেছিলেন, মহিষটি ১৪ মে রাতেই ক্রেতার কাছে হস্তান্তর করা হয়েছে। পরে ২৫ মে আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানের আয়োজন হওয়ায় তার আগের বক্তব্য নিয়ে প্রশ্ন ওঠে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে জিয়া উদ্দিন মৃধা স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে