ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ভাইরাল গানের ভিডিও নিয়ে যা বললেন মাদানী

২০২৬ মে ২৬ ১১:০০:৪৭
ভাইরাল গানের ভিডিও নিয়ে যা বললেন মাদানী

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গানের ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন আলোচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। তিনি দাবি করেছেন, ভিডিওটি পুরোনো এবং এটি তার স্ত্রীর উদ্দেশ্যে গাওয়া একটি গান ছিল। একই সঙ্গে ভিডিওটি ফাঁসের জন্য পরিচিত এক ব্যক্তিকে দায়ী করেছেন তিনি।

রোববার (২৪ মে) রাতে সামাজিক মাধ্যমে ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত মাদানীর একটি রোমান্টিক গানের ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে নিজের ফেসবুক পেজে দীর্ঘ পোস্ট দেন তিনি।

পোস্টে মাদানী জানান, প্রায় আড়াই বছর আগে সিলেটের একটি রিসোর্টে স্ত্রীকে গান শোনানোর সময় পরিচিত একজন ব্যক্তি তার অজান্তে ভিডিওটি ধারণ করেন। পরে ভিডিওটি প্রকাশ না করার আশ্বাস দিলেও সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, একই ব্যক্তি তার আরও একটি ব্যক্তিগত ভিডিও ধারণ করেছিলেন এবং সেটিও প্রকাশ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ভিডিওটি প্রকাশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মাদানী বলেন, এ ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন সিলেট অঞ্চলের বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া বন্ধ রেখেছেন।

এছাড়া ভিডিও ভাইরাল হওয়ার পর রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের একাংশ তাকে নিয়ে উপহাস করছে বলেও অভিযোগ করেন তিনি। নিজের পোস্টে আওয়ামী লীগ ও সমালোচকদের উদ্দেশে বিভিন্ন মন্তব্য করেন মাদানী।

তিনি আরও দাবি করেন, অতীতে তাকে বিভিন্নভাবে চাপ ও হয়রানির মুখে পড়তে হয়েছে। তবে এসব ঘটনায় তিনি ভেঙে পড়েননি বলেও উল্লেখ করেন।

নিজের অবস্থানে অটল থাকার কথা জানিয়ে মাদানী বলেন, তিনি তার আদর্শ ও বিশ্বাস অনুযায়ী কাজ চালিয়ে যাবেন এবং অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলবেন।

উল্লেখ্য, এর আগেও ব্যক্তিগত জীবন ও দ্বিতীয় বিয়ে সংক্রান্ত বক্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছিলেন এই তরুণ ইসলামি বক্তা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে