ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬

সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

২০২৬ মে ১৬ ০৮:৫৭:২৪
সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত গুরুতর জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ।

গণমাধ্যমকে তিনি বলেন,“ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ তার রক্তচাপ অনেক নিচে নেমে যায়। এরপর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।”

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।

চেন্নাইয়ের ভেলোর খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার নিবিড় চিকিৎসা চলছিল। চিকিৎসকরা প্রথমে ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একই সঙ্গে লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়।

পরিবার জানিয়েছে, শুরুতে সাধারণ শারীরিক অসুস্থতা মনে হলেও পরে পরীক্ষায় শরীরে সংক্রমণ ধরা পড়ে। এরপর তিনি হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত হন। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। সংক্রমণ দ্রুত জটিল আকার ধারণ করলে গত শুক্রবার তার লিভার ফেইলিউর হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনয় ও নিজস্ব কনটেন্ট তৈরির মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন কারিনা কায়সার। তার অকাল মৃত্যুতে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে