×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

আ.লীগকে ঠেকাতে এক মঞ্চে বিএনপি-জামায়াত-এনসিপি

২০২৬ নভেম্বর ২৯ ২১:২৬:৪৬
আ.লীগকে ঠেকাতে এক মঞ্চে বিএনপি-জামায়াত-এনসিপি

নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বর মাসকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে রাজপথে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন বিএনপি, প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলোর পৃথক কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক ঐক্য গড়ে তোলার উদ্যোগও জোরদার হয়েছে।

বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসের কারণে ডিসেম্বর বাংলাদেশের রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা নিয়ে আলোচনা। কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি প্রকাশ্যে কর্মসূচি পালন করতে না পারলেও সাবেক নেতাকর্মীদের সাংগঠনিক তৎপরতা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে সীমান্ত এলাকায় নজরদারি জোরদারের কথা উঠে এসেছে।

ডিসেম্বরের শুরুতেই বড় কর্মসূচি নিয়ে মাঠে নামছে ক্ষমতাসীন বিএনপি। আগামী ১ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে দলটি। এতে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশ থেকে ডিসেম্বরের পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।

দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, নাশকতা ও নৈরাজ্য ঠেকানোর পাশাপাশি রাজনৈতিক শক্তি ও জনসমর্থন প্রদর্শন করাই এ কর্মসূচির উদ্দেশ্য।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করলেও আওয়ামী লীগকে প্রতিহত করার প্রশ্নে সরকারের পাশে থাকার কথা জানিয়েছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে দলটি দেশব্যাপী ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচির অংশ হিসেবে ২১ নভেম্বর ঢাকায় এবং ২৫ নভেম্বর দেশের ১১টি মহানগরীতে নাশকতার প্রতিবাদে সমাবেশ করেছে দলটি। আগামী ৩০ নভেম্বর উপজেলা ও থানা সদরে কর্মসূচি পালনের কথা রয়েছে।

জামায়াত নেতারা আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী সংগঠন’ হিসেবে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারা।

জুলাই আন্দোলনের অন্যতম শক্তি হিসেবে পরিচিত জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) দীর্ঘ কর্মসূচি ঘোষণা করেছে। দলটির ৩৯ দিনের কর্মসূচি ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ সময়ে দেশের ৬৪ জেলা ও ১৩টি মহানগরে ধারাবাহিক কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।

ইতোমধ্যে ২৩ নভেম্বর চট্টগ্রাম, ২৪ নভেম্বর ঢাকা এবং ২৭ নভেম্বর গাজীপুরে বড় কর্মসূচি পালন করেছে দলটি।

তবে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, তাদের আন্দোলনের লক্ষ্য শুধু আওয়ামী লীগকে প্রতিহত করা নয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে গণভোটের রায় বাস্তবায়ন এবং আওয়ামী লীগ ও ভারত বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা জানতে চান তারা। সরকারের পক্ষ থেকে ঐক্যবদ্ধ কর্মসূচির প্রস্তাব এলে তা বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন দলটির নেতারা।

বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে সমন্বয় গড়ে তোলার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। শিগগিরই জামায়াতে ইসলামীসহ ১১ দলের সঙ্গে বৈঠকে বসার কথাও রয়েছে।

বিশ্লেষকদের মতে, রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন এবং ভারতনীতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে মতপার্থক্য রয়েছে। বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসেও দলগুলো নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরতে পৃথক কর্মসূচি পালন করতে পারে।

তাই ডিসেম্বরের রাজপথে তিন দলের কর্মসূচি এক ধরনের সমন্বয়ের ইঙ্গিত দিলেও এটিকে স্থায়ী রাজনৈতিক জোট হিসেবে দেখার সুযোগ নেই। তবে আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে দলগুলোর এই অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে