×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

রিমান্ড শুনানিতে হাস্যোজ্জ্বল সাঈদ খোকন, স্বজনকে দিলেন আশ্বাস

২০২৬ নভেম্বর ২৯ ২১:১১:৩৭
রিমান্ড শুনানিতে হাস্যোজ্জ্বল সাঈদ খোকন, স্বজনকে দিলেন আশ্বাস

নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য আদালতে হাজির করা হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে। এ সময় তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়। আদালতে উপস্থিত স্বজনদেরও সাহস জোগান তিনি। এক নারী স্বজনকে উদ্দেশ করে বলেন, ‘কোনো চিন্তা করিস না। কয়েক দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।’ আর এক তরুণকে বলেন, ‘স্ট্রং হও।’

রোববার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এ ঘটনা ঘটে।

এর আগে গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে তুলে দেয় এসআরবি। সেদিনই জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৪ নভেম্বর আরও পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়।

দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে রোববার তাকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় সাঈদ খোকন মামলার মূল ঘটনা এড়িয়ে বিভিন্ন তথ্য দিয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে অধিকাংশ ক্ষেত্রে নীরব থেকেছেন বলেও আবেদনে দাবি করা হয়।

তদন্ত কর্মকর্তার অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে ভূমিকা পালন করেছিলেন সাঈদ খোকন। তার নির্দেশনা ও পূর্বপরিকল্পনায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। ধানমন্ডি ও আশপাশের এলাকায় হামলা ও ধ্বংসযজ্ঞেও তার নির্দেশনা ছিল বলে আবেদনে উল্লেখ করা হয়।

এ ছাড়া সরকার পতনের পর আত্মগোপনে থেকেও তার নেতৃত্বে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিল হয়েছে বলে দাবি করা হয়। পলাতক নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা সম্পর্কেও অভিযোগ আনা হয়েছে।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার, ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করতে সাঈদ খোকনকে আবারও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তার দেওয়া তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়।

শুনানি শুরুর আগে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে তাকে এজলাসে তোলা হয়। সেখানে সাঈদ খোকনের কয়েকজন স্বজন উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে সাঈদ খোকনের আইনজীবী শেখ মোহাম্মদ জানে আলম রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

আইনজীবী বলেন, গ্রেপ্তারের পর দুই দফায় ১২ দিন তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য পর্যাপ্ত সময় পেয়েছে। তার দাবি, সাঈদ খোকন অসুস্থ এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। এ অবস্থায় নতুন করে রিমান্ডের প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য। ওই আসনের অন্তর্ভুক্ত কয়েকটি থানায় তার বিরুদ্ধে মামলা না থাকলেও ধানমন্ডি থানায় হত্যা মামলাটি করা হয়েছে। মামলাটিকে ‘জজ মিয়া নাটক’ বলেও মন্তব্য করেন তিনি।

জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক বলেন, ঘটনার সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হচ্ছে।

শুনানি শেষে আদালত আদেশ লেখার সময় কাঠগড়ার সামনে থেকে পেছনে গিয়ে বসা স্বজনদের সঙ্গে কথা বলেন সাঈদ খোকন। এক নারী স্বজনকে আশ্বস্ত করার পাশাপাশি এক তরুণকে কাছে ডেকে সাহস রাখতে বলেন। ওই তরুণকে তখন কাঁদতে দেখা যায়। পরে সাঈদ খোকনের সঙ্গে সম্পর্ক জানতে চাইলে তিনি নিজেকে তার আত্মীয় বলে পরিচয় দেন।

আদালত শেষে সিএমএম হাজতখানায় নেওয়ার সময়ও সাঈদ খোকনকে হাস্যোজ্জ্বল দেখা যায়। পরে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা কিশোর আবদুল মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ২৬ আগস্ট মোতালেবের বাবা আবদুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলাটি করেন।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। আসামিদের তালিকায় সাঈদ খোকনের নামও রয়েছে।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে