×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

দীর্ঘদিন পর নিজেদের কর্মকর্তা পেল তিতাসের শীর্ষ পদ, এমডি সাইদুল হাসান

২০২৬ নভেম্বর ২৯ ১৮:০৩:৩৭
দীর্ঘদিন পর নিজেদের কর্মকর্তা পেল তিতাসের শীর্ষ পদ, এমডি সাইদুল হাসান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন পর নিজেদের কর্মকর্তাদের মধ্য থেকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পেল তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. সাইদুল হাসানকে কোম্পানিটির নতুন এমডি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নিয়োগের কথা জানানো হয়। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এমডি হিসেবে নিয়োগ পাওয়ার আগে কাজী মো. সাইদুল হাসান তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক (অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন।

প্রকৌশলী মীর মশিউর রহমানের পর দীর্ঘ সময় তিতাস গ্যাসের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে কেউ ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পাননি। ফলে দীর্ঘ বিরতির পর প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার সর্বোচ্চ নির্বাহী পদে নিয়োগকে ইতিবাচকভাবে দেখছেন কর্মকর্তা-কর্মচারীরা।

নতুন এমডিকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। তাদের মতে, এ নিয়োগ প্রতিষ্ঠানের নিজস্ব জনবলের মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতার মূল্যায়ন। সরকারের এ সিদ্ধান্তে তারা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা, কাজী মো. সাইদুল হাসানের নেতৃত্বে তিতাস গ্যাসে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও প্রশাসনিক গতিশীলতা বাড়বে। একই সঙ্গে গ্রাহকসেবার মান উন্নয়নেও নতুন উদ্যোগ দেখা যাবে। তাদের আশা, এ নিয়োগ অন্য কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও উৎকর্ষ অর্জনে উৎসাহিত করবে।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন এবং পেট্রোবাংলার অধীনে পরিচালিত তিতাস গ্যাস বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ১২ জেলায় শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ করে।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে